আ স ম রবের অসমাপ্ত কাজ সমাপ্ত করতে আমি এসেছি : তানিয়া রব

রামগতি প্রতিনিধি।।
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সিনিয়র সহ-সভাপতি তানিয়া রব বলেছেন, আপনাদের নেতা আ স ম আব্দুর রব অসুস্থ। আমি এসেছি তার অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করতে । আপনারা রব সাহেবের হাতকে শক্তিশালী করতে আমাকে তার মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করুন।
তিনি বলেন, বিগত দিনে আপনারা টাকা ছাড়া সরকারের কোনো সেবা পাননি। আমি কথা দিয়ে যাচ্ছি মা বোনদের জন্য সরকারের কোনো সেবা পেতে টাকা দিতে হবে না। আপনাদের ন্যায্য দাবি আদায়ে আমি সবসময় কাজ করে যাবো।
রবিবার (৯ নভেম্বর) বিকেলে লক্ষ্মীপুর কমলনগর উপজেলার মতিরহাট কোডেক কলোনিতে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কমলনগর উপজেলা জেএসডির সভাপতি অধ্যক্ষ আবদুল মোতালেবের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন জেএসডি কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক সম্পাদক ফারজানা জামান দিবা, জেলা কমিটির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ বাবুল, কমলনগর উপজেলা কমিটির সহ সভাপতি খোরশেদ আলম মেম্বার, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, উপজেলা যুব পরিষদের আহবায়ক মাহমুদুর রহমান বেলাল, যুগ্ম আহবায়ক শিব্বির মাহমুদ দেওয়ান ও আবুল বাছেত খোকন প্রমুখ।
প্রসঙ্গত, তানিয়া লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনের সংসদ সদস্য প্রার্থী ও স্বাধীনতার প্রথম পতাকা উত্তোলক আ স ম আব্দুর রবের স্ত্রী। আ স ম রব অসুস্থ হওয়ায় লক্ষ্মীপুর-৪ আসন থেকে জোটগতভাবে তার নাম আলোচনায় রয়েছে।
