চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে করোনা উপসর্গ নিয়ে এক কর্মচারীর মৃত্যু

সাজ্জাদ চৌ্ধুরী,চট্টগ্রাম প্রতিনিধি।।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে করোনা উপসর্গ নিয়ে এক কর্মচারীর মৃত্যু হয়েছে।নিহত মোহাম্মদ হুমায়ন ভূঁইয়া(চবি) প্রকৌশল দপ্তরের তৃতীয় শ্রেণির কর্মচারী ছিলেন।

জানা যায়,তিনি ডায়াবেটিসের পাশাপাশি দীর্ঘদিন জ্বর ও সর্দি-কাশিতে আক্রান্ত ছিলেন।

শনিবার(৩০ মে) দুপুরে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।

খবর নিয়ে জানা যায়,মোহাম্মদ হুমায়ন ভূঁইয়া বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেইট এলাকায় ভাড়া বাসায় থাকতেন। তার মরদেহ ফেনী জেলার গ্রামের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয় ২ নম্বর গেইট উত্তরা ডিপার্টমেন্টাল স্টোরের মালিক।

এদিকে করোনা উপসর্গ নিয়ে কর্মচারীর মৃত্যুর পরেও ৩১ মে থেকে সীমিত পরিসরে অফিস খোলার আলোচনা হওয়ায় বিশ্ববিদ্যালয় জুড়ে আতংক বিরাজ করছে।

এছাড়াও ইতোমধ্যে অফিস খোলার বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্মকর্তা সমিতি ও কর্মচারী সমিতির নেতৃবৃন্দের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আলোচনাও হয়েছে দফায় দফায়৷

এ বিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চীফ মেডিকেল অফিসার (ভারপ্রাপ্ত) ডা. মোহাম্মদ আবু তৈয়ব জানান, শনিবার ভোরে ওই কর্মচারীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তিনি মারা যান। তার গায়ে জ্বর ছিল। তিনি ডায়াবেটিসেও আক্রান্ত ছিলেন। চমেকে তার নমুনা নেওয়া হয়েছে। করোনায় মারা গেছে কিনা তা রিপোর্ট দিলে জানা যাবে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এস এম মনিরুল হাসান বলেন,ওই কর্মচারীর কিছুটা করোনা উপসর্গ ছিল। রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে। রিপোর্ট আসা পর্যন্ত তার বাসা থেকে কাউকে বের হতে নিষেধ করা হয়েছে।