নোয়াখালীতে পেঁয়াজের মূল্য বৃদ্ধি রোধে ব্যবসায়ীদের সাথে জরুরি সভা

নোয়াখালী প্রতিনিধি ।।
সারাদেশের মতো নোয়াখালী জেলায়ও পেঁয়াজের আকস্মিক উচ্চ মূল্য বৃদ্ধি রোধের লক্ষ্যে নোয়াখালীতে বেগমগঞ্জ চৌমুহনী বাজার ও সদর উপজেলা পৌর বাজার ব্যবসায়ী সমিতির প্রতিনিধিদের সাথে জরুরি সভা করেন জেলা প্রশাসক খোরশেদ আলম খান।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) উক্ত বিষয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়।
এ সভায় আরো উপস্থিত ছিলেন পুলিশ সুপার ( এসপি আলমগীর হোসেন) নোয়াখালী; অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, নোয়াখালী; ইউএনও, সদর উপজেলা; ইউএনও, বেগমগঞ্জ উপজেলা; ওসি, সুধারাম থানা ও ওসি, বেগমগঞ্জ থানা। এ সভায় গৃহীত সিদ্ধান্তের মাঝে রয়েছে–
১. ব্যবসায়ীগণ অধিক মুনাফার আশায় কমমূল্যে ক্রয়কৃত পণ্য অধিকমূল্যে বিক্রয় করতে পারবেন না;
২. পণ্যের বিক্রয় মূল্য অবশ্যই দৃশ্যমান স্থানে প্রদর্শন করতে হবে;
৩. ব্যবসায়ীকে অবশ্যই ক্রয় রশিদ বা পাকা চালান সংরক্ষণ করতে হবে;
৪. পণ্য মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি করা যাবেনা।
এ বিষয়ে নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) আলমগীর হোসেন বলেন, আমরা ডিসি মহোদয়ের কার্যালয়ে নোয়াখালীতে আকস্মিকভাবে পেঁয়াজের উচ্চ মূল্য রোধে আলোচনা সাপেক্ষে সর্বসম্মতিক্রমে বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করি। এ সিদ্ধান্তগুলো জেলা প্রশাসক মহোদয়ের দিকনির্দেশনা মোতাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) ও থানার অফিসার ইনচার্জগণ (ওসি) মাঠপর্যায়ে বাস্তবায়ন করবেন।
তিনি বলেন, নোয়াখালী জেলার বাজার মূল্য নিয়ন্ত্রণ কমিটির সভাপতি আমাদের জেলা প্রশাসক ( ডিসি) মহোদয়। সেই হিসেবে তিনি এ বিষয়টি দেখভাল করার দায়িত্বে রয়েছেন। তাছাড়া জেলার বিভিন্ন ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দেরকে পেঁয়াজের উচ্চ মূল্য রোধে বিভিন্ন পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করেন।
