এইচএসসি ও সমমান পরীক্ষার তারিখ ঘোষণা আগামী সপ্তাহে

অনলাইন ডেস্ক ।।
আগামী সোম বা মঙ্গলবারের মধ্যে এইচএসসি ও সমমানের পরীক্ষার পরিপূর্ণ পরিকল্পনাসহ তারিখ ঘোষণা করতে পারব বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, আমরা চার সপ্তাহের সময় দিয়ে এইচএসসি পরীক্ষার তারিখ ঘোষণা করব। কোন পদ্ধতিতে পরীক্ষা নেব কতটুকু পরীক্ষা নেব তা আগামী সোম/মঙ্গলবারে মধ্যে জানিয়ে দেব।
আজ বুধবার ( ৩০ সেপ্টেম্বর) সাংবাদিকদের সঙ্গে শিক্ষা বিষয়ক এক ভার্চুয়াল মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ৬ মাস ধরে পরীক্ষার প্রস্তুতি নিয়ে ধরে রাখা যায় না। তাই দ্রুততম সময়ের মধ্যে কতগুলো বিষয়ে এইচএসসি পরীক্ষা নেয়া যায় সেটা আমরা চিন্তাভাবনা করছি। যখন আমরা পরীক্ষা নেব তখন কেউ যদি করোনা আক্রান্ত হয় তাদের ব্যাপারে কি করব সেই বিবেচনা আমাদের থাকবে।
ভার্চূয়াল এই সভায় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মাহাবুব হোসেন, কারিগরি ও মাদরাসা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খান প্রমুখ অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, চলতি বছরের এপ্রিলে এইচএসসি-সমমানের পরীক্ষা শুরু হবার কথা থাকলেও করোনাভাইরাসের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করায় তা স্থগিত করা হয়।
