আদমদীঘিতে শহীদ মিনার ভেঙ্গে নির্মান করা হচ্ছে ওয়াশব্লক

হাবিব শিমুল,আদমদীঘি(বগুড়া) প্রতিনিধি ।।
বগুড়ার আদমদীঘিতে বিদ্যালয়ের শহীদ মিনার ভেঙ্গে ওয়াশ ব্লক নির্মান করার তথ্য মিলেছে।
জানা গেছে, উপজেলার চাঁপাপুর ইউনিয়নের বিহিগ্রামে পাশাপাশি বিহিগ্রাম প্রাথমিক ও উচ্চ বিদ্যালয় রয়েছে। প্রায় ২০ বছর পূর্বে উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটি সীমানা চিহ্নিত না করেই প্রাথমিক বিদ্যালয়ের সীমানায় শহীদ মিনার নির্মান করেন। এরপর থেকে ওই শহীদ মিনারে দুই শিক্ষা প্রতিষ্টান ২১ ফেব্রুয়ারিসহ অন্যান্য দিবসে পুষ্পঅর্পন করে আসছিল।
এদিকে প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব পাশে থাকা ওয়াশব্লক ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। এ কারনে প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটি বিদ্যালয়ের পশ্চিম পাশে নতুন করে দ্বিতল ওয়াশব্লক নির্মানের সিদ্ধান্ত গ্রহন করে। তারা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটিকে শহীদ মিনার সরিয়ে নিতে বলে।
বাধ্য হয়ে উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য সচিব ও প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম উপজেলা নির্বাহী অফিসার ও মাধ্যমিক শিক্ষা অফিসারের নিকট শহীদ মিনার ভেঙ্গে ফেলা এবং এবং উচ্চ বিদ্যালয়ের সীমানায় নির্মান করার আবেদন করেন।
সদ্য বদলী হওয়া উপজেলা নির্বাহী অফিসার এ,কে,এম আব্দুল্লাহ বিন রশিদ সেই আবেদন মঞ্জুর করেন। ফলে সম্প্রতি শহীদ মিনার ভেঙ্গে ফেলা হয়। সেখানে বর্তমানে প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতল ওয়াশব্লক নির্মান চলছে।
এ ব্যাপারে বিহিগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য সচিব জাহাঙ্গীর আলমের সাথে মোবাইল ফোনে সংবাদকর্মী যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উচ্চ বিদ্যালয়ের সীমানার মধ্যে নতুন করে শহীদ মিনার নির্মান করার সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আগামী সপ্তাহে কাজ শুরু করা হবে।
এ বিষয়ে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল ইসলামের সাথে যোগাযোগ করার জন্য তাঁর মোবাইল ফোনে একাধিকবার ফোন করেও সংযোগ পাওয়া যায় নি।
