নতুন এটর্নি জেনারেল হলেন এ এম আমিন উদ্দিন

অনলাইন ডেস্ক ।।

নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেলেন এ এম আমিন উদ্দিন। রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ বাংলাদেশ সুপ্রিমকোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির বর্তমান সভাপতি এ এম আমিন উদ্দিনকে বাংলাদেশের এটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দিয়েছেন।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের পাবলিক রিলেশন্স অফিসার ড. মো. রেজাউল করিম  এ কথা জানান।

আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) মহামান্য রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ এ এম আমিন উদ্দিনকে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেন। আজ প্রকাশ হওয়া আইন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘মহামান্য রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বর্তমান সভাপতি জনাব এ এম আমিন উদ্দিনকে আজ বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দিয়েছেন।’ অ্যাটর্নি জেনারেল একটি সাংবিধানিক পদ। সরকারকে সংবিধান, আন্তর্জাতিক চুক্তি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে আইনগত পরামর্শ দিয়ে থাকেন অ্যাটর্নি জেনারেল।

উল্লেখ্য, গত ২৭ সেপ্টেম্বর চিকিৎসাধীন অবস্থায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মারা যান অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তিনি বাংলাদেশের ১৩তম অ্যাটর্নি জেনারেল ছিলেন।