সান্তাহারে আগুনে পুড়ে গৃহবধূর মৃত্যু

হাবিব শিমুল,আদমদীঘি(বগুড়া) প্রতিনিধি ।।

বগুড়ার সান্তাহারে ভাত রান্না করার সময় শাড়িতে আগুন লেগে রেনুকা বেগম (৫৫) নামের এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার(৬ নভেম্বর) রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। রেনুকা বেগম উপজেলার সান্তাহার ইউনিয়নের সান্দিড়া গ্রামের আবুল কালামের স্ত্রী।

গ্রামবাসি ও পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ৮টার দিকে রেনুকা বেগম নিজের বাড়িতে চুলায় ভাত রান্না করছিলেন। অসাবধানতাবশত তার শাড়ির আঁচলে লাগা আগুন এক পর্যায়ে শরীরে লেগে যায়। এ সময় তার চিৎকারে প্রতিবেশিরা ছুটে আসে। তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার শারিরীক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক রেনুকা বেগমকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। রাজশাহী নিয়ে যাওয়ার সময় মধ্যরাতে পথের মধ্যে তার মৃত্যু হয়।

সান্তাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এরশাদুল হক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ।