তিন সংসদীয় আসনে উপনির্বাচন ১৪ জুলাই

নিজস্ব প্রতিবেদক ।।

সিলেট-৩, ঢাকা-১৪ ও কুমিল্লা-৫ শূন্য সংসদীয় আসনের উপনির্বাচন আগামী ১৪ জুলাই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (২ জুন) রাজধানীর নির্বাচন ভবনে এই তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার।

বুধবার (২ জুন) দুপুর আড়াইটার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ইসি সিনিয়র সচিব হুমায়ুন কবীর খোন্দকার এ কথা জানান।

সচিব বলেন, মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ১৫ জুন (মঙ্গলবার)। মনোনয়নপত্রের বাছাইয়ের তারিখ ১৭ জুন (বৃহস্পতিবার)। আপিল দায়ের করতে পারবে ১৮ থেকে ২০ জুনের মধ্যে। আপিল নিস্পত্তির তারিখ ২১-২২ জুন। প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ২৩ জুন। প্রতীক বরাদ্দ ২৪ জুন। ভোট গ্রহণ ১৪ জুলাই।

সিলেট-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়ায় আসনটি শূন্য হয়। গত ১১ মার্চ রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মারা যান তিনি।

এছাড়া ঢাকা-১৪ আসনের ক্ষমতাসীন দল আওয়ামী লীগের আসলামুল হক গত ৪ এপ্রিল রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়।

সাবেক আইনমন্ত্রী, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য আবদুল মতিন খসরু গত ১৪ এপ্রিল ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এতে কুমিল্লা-৫ আসনটি শূন্য হয়।

এছাড়া করোনাভাইরাসের কারণে স্থগিত হওয়া লক্ষ্মীপুর-২ আসনের ভোট ২১ জুন অনুষ্ঠিত হবে। এই আসনের মনোনয়নপত্র আগেই যাচাই-বাছাই হয়েছে। লক্ষ্মীপুর-২ আসনের ভোট ১১ এপ্রিল হওয়ার কথা ছিল।