লক্ষ্মীপুর-২ আসনে স্বামী নৌকার, স্ত্রী স্বতন্ত্র প্রার্থী

লক্ষ্মীপুর প্রতিনিধি।।
লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী নুরউদ্দিন চৌধুরী নয়ন মনোনয়ন দাখিল করেছেন। একই আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তার স্ত্রী রুবিনা ইয়াসমিন লুবনা মনোনয়নপত্র জমা দিয়েছেন।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে ও বিকেলে পৃথকভাবে তারা জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সুরাইয়া জাহানের কাছে মনোয়নপত্র জমা দেন।
স্ত্রী লুবনার মনোনয়নপত্র জমার বিষয়ে আওয়ামী লীগের প্রার্থী নুরউদ্দিন চৌধুরী নয়ন সাংবাদিকদের জানান, আর দল থেকে ডামি প্রার্থীর কথা বলা হয়েছে। এ কারণেই আমার স্ত্রীসহ কয়েকজন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
তবে রুবিনা ইয়াসমিন লুবনা বলেন, কাগজে-কলমে আমরা প্রতিদ্বন্দ্বী প্রার্থী হয়ে থাকবো। আমাদের প্রতীকও ভিন্ন হবে।
নয়ন-লুবনা ছাড়াও লক্ষ্মীপুর-২ আসন থেকে জাতীয় পার্টির প্রার্থী বোরহান উদ্দিন আহমেদ মিঠু, তৃণমূল বিএনপির আবদুল্লাহ আল মাসুদ, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট শরীফুল ইসলাম, জাসদ’র আমির হোসেন, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মোরশেদ আলম, স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাবেক সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম পাপুলের স্ত্রী সেলিনা ইসলাম, আমরা ক’জন মুজিব সেনার প্রতিষ্ঠাতা সভাপতি এএফ জসিম উদ্দিন আহমেদ, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক জহির হোসেন, ইমাম উদ্দিন সুমন, মনসুর রহমান ও ফরহাদ মিয়া মনোনয়নপত্র জমা দিয়েছেন।
