লক্ষ্মীপুর সফরে প্রধানমন্ত্রী, অপেক্ষায় লাখো মানুষ

নোয়া সংবাদ: গনপ্রজাতন্ত্রী বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৪ মার্চ লক্ষ্মীপুর আসছেন। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে লক্ষ্মীপুরে এখন সাজ সাজ রব। নতুন উদ্যমে ব্যস্ত সময় কাটছে জেলার নেতা কর্মীদের। এ সফরে প্রধানমন্ত্রী ১০টি উন্নয়ন প্রকল্পের ফলক উম্মোচন ও ১৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনসহ জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখার কথা রয়েছে। ইতিমধ্যে যাবতীয় প্রস্তুতি প্রায় শেষ।

মঙ্গলবার দুপুরে তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারযোগে লক্ষ্মীপুরের দালাল বাজার ডিগ্রি কলেজে হেলিপ্যাডে অবতরণ করবেন তিনি। সেখান থেকে সার্কিট হাউজে উপস্থিত হয়ে নামাজ ও মধ্যাহ্ন বিরতি শেষে জনসভায় অংশ নেবেন। জনসভাকে ঘিরে এরইমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে স্থানীয় প্রশাসন।

জেলা পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন জানান, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে জেলা পুলিশের পক্ষ থেকে তিন স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।  এছাড়া গোয়েন্দা সংস্থাগুলোসহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর  সদস্যরাও নিরাপত্তা ব্যবস্থায় থাকছেন। পুরো স্টেডিয়াম এলাকা সিসি ক্যামেরার আওতাভুক্ত থাকবে।

প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে জেলা ও উপজেলা পর্যায়ে শতাধিক তোরণ নির্মাণ করা হয়েছে। বঙ্গবন্ধু ও শেখ হাসিনাসহ কেন্দ্রীয় নেতাদের ছবি দিয়ে ব্যানার পেস্টুনে ডেকে ফেলা হয়েছে পুরো এলাকা। গত এক সপ্তাহ ধরেই আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের শীর্ষ নেতারা স্থানীয়ভাবে পৃথক পৃথক প্রস্তুতিসভাসহ মাঠ পরিদর্শনে ব্যস্ত সময় পার করছেন।

জনসভা জনসমুদ্রে পরিণত হওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম।

প্রধানমন্ত্রী যেসব প্রক্ল্প উদ্বোধন করবেন : রামগতি ও কমলনগর মেঘনা নদীর তীর সংরক্ষণ প্রকল্প (১ম পর্যায়), চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন, যুব প্রশিক্ষণ কেন্দ্র, উপজেলা পরিষদ ভবন (লক্ষ্মীপুর সদর), উপজেলা পরিষদ ভবন কমলনগর, উপজেলা পরিষদ অডিটোরিয়াম (কমলনগর), লক্ষ্মীপুর পৌর আইডিয়াল কলেজ ভবন, মোহাম্মদিয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্র নির্মাণ (তৃতীয় ও ৪র্থ) , উপজেলা প্রাণী সম্পদ দফতর ও প্রাণী হাসপাতাল (কমলনগর)।

ভিত্তি প্রস্তর স্থাপন করবেন ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল, মজু চৌধুরীর হাটে বাংলাদেশ কোস্ট গার্ড এর প্রশাসনিক ভবন ও নাবিক নিবাস, লক্ষ্মীপুর সদর পুলিশ ফাঁড়ি, পুলিশ অফিসার্স মেস, আঞ্চলিক পাসপোর্ট অফিস ভবন, লক্ষ্মীপুর সদর খাদ্য গুদামে ৫০০ মেট্রিক টন ধারণক্ষমতা সম্পন্ন নতুন গুদাম নির্মাণ, রামগঞ্জ উপজেলায় ১৩২/৩৩ কেবি গ্রিড উপ-কেন্দ্র নির্মাণ, পিয়ারাপুর সেতু, চেওয়াখালী সেতু, মজু চৌধুরীর হাটে নৌ-বন্দর, লক্ষ্মীপুর পৌর আধুনিক বিপনী বিতান, আনসার ও ভিডিপি ব্যাটালিয়ন সদর দপ্তর কমপ্লেক্স (রামগঞ্জ), লক্ষ্মীপুর পৌর আজিম শাহ(রা) হকার্স মার্কেট, লক্ষ্মীপুর সরকারি কলেজ একাডেমিক ভবন ও পরীক্ষা কেন্দ্র,  লক্ষ্মীপুর পুলিশ লাইন্স মহিলা ব্যারাক নির্মাণ, লক্ষ্মীপুর শহর সংযোগ সড়কে পিসি গার্ডার সেতু নির্মাণ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন (রায়পুর), ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন(কমলনগর)।