র‌্যাবের অভিযানে নোয়াখালীর হাতিয়ায় বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার, আটক-৫

নোয়া সংবাদ: র‌্যাব -১১ এর লক্ষ্মীপুর ক্যাম্প কর্তৃক নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার নলেরচর আদর্শ গ্রামে অভিযান চালিয়ে  জলদস্যু বাহিনীর ৫ সদস্যকে বিপুল পরিমাণ অস্ত্রসহ আটক করা হয় । এসময় তাদের কাছ থেকে ৭টি একনলা বন্দুক, ২৩ রাউন্ড কার্তুজ, ২৩টি রকেট প্লেয়ার, একটি অতিরিক্ত ব্যারেল উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৩ জুন) বিকেল ৪টার দিকে লক্ষ্মীপুর শিল্পকলা একাডেমীতে র‌্যাবের  অস্থায়ী ক্যাম্পে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানান র‌্যাব- ১১ নারায়ণগঞ্জের সিইও লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাছান। এ অভিযানে নেতৃত্ব দেন ব্যাটালিয়ন উপ-অধিনায়ক মেজর আশিক বিল্লাহ, সিনিয়র এ এসপি মো. জসীম উদ্দিন চৌধুরী।

আটক ব্যক্তিরা হলেন, হাতিয়ার আমির (২৬), ও ফরহাদ (২৪), ভোলার বেলায়েত (২৮), ও রিয়াজ (২৩) এবং কুতুবদিয়ার বাসু (২৮)।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ইলিশের মৌসুমকে সামনে রেখে যে কয়েকটি জলদস্যু বাহিনী জেলেদের অপহরণ, খুন, চাঁদাবাজি মেঘনার মোহনা ও বঙ্গোপসাগরে ত্রাসের রাজত্ব কায়েম করে আসছে। এর মধ্যে ৮টি মামলার আসামি কালাম বাহিনীর কালাম চৌধুরী অন্যতম। কালাম বাহিনীকে ধরতে  র‌্যাবের  প্রায় ১’শ জন সদস্য ৩টি স্তরে লক্ষ্মীপুর, টাংকির চর নোয়াখালীর হাতিয়ার নলেরচর এলাকায় প্রায় দুই মাস ধরে অভিযান চালায়।

মঙ্গলবার ভোর রাতে হাতিয়ার নলের চর আদর্শ গ্রামে কালাম ও তার বাহিনীর সদস্যদের অবস্থান জানতে পেরে র‌্যাব-১১ এর লক্ষ্মীপুর ক্যাম্পের দল ও স্পেশাল কোম্পানি ও সিপিসি-৩ এর যৌথ অভিযান চালায়। এ সময় কালাম বাহিনীর ৫ সদস্যকে অস্ত্রসহ আটক করতে পারলেও কালামসহ কয়েকজন পালিয়ে যায়। আটককৃতদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে নোয়াখালীর হাতিয়া থানায় দুটি পৃথক মামলার প্রস্তুতি চলছে। অভিযান অব্যাহত থাকবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।