রামগতি ও কমলনগরকে মডেল উপজেলা হিসেবে প্রতিষ্ঠিত করা হবে : মেজর (অব.) আবদুল মান্নান

কমলনগর প্রতিনিধি:
রামগতি ও কমলনগরকে মডেল উপজেলা হিসেবে প্রতিষ্ঠিত করার আশ্বাস দিয়ে নৌকায় ভোট চাইলেন বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব ও লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনে নৌকা প্রতীকের প্রার্থী মেজর (অব.) আবদুল মান্নান।
মঙ্গলবার(১১ডিসেম্বর) বিকেলে রামগতি উপজেলার আলেকজান্ডার বাজারে নির্বাচনী গণসংযোগকালে তিনি আবারও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করার আহ্বান জানিয়ে এসব কথা বলেন।
মান্নান বলেছেন, রামগতি ও কমলনগরে মেঘনা নদীর তীর রক্ষা বাঁধ নির্মাণ করেছে আওয়ামী লীগ সরকার। অথচ এর আগে বিএনপির এমপিরা বাঁধ নির্মাণের নামে জনগণের টাকা লুটপাট করেছে, যার ফলে লক্ষ্মীপুরের এ দুটি উপজেলা এখনো পিছিয়ে আছে। আগামীতে শেখ হাসিনার সরকার ক্ষমতায় গেলে রামগতি ও কমলনগরকে মডেল উপজেলা হিসেবে প্রতিষ্ঠিত করা হবে।
গণসংযোগে অন্যান্যদের মধ্যে অংশগ্রহণ করেন, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়ন, রামগতি পৌরসভার সাবেক মেয়র আজাদ উদ্দিন চৌধুরী, কমলনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম নুরুল আমিন ও কেন্দ্রীয় আওয়ামী লীগের ক্রীড়া উপ-কমিটির সহ-সম্পাদক আবদুজ্জাহের সাজু প্রমুখ।
