করোনা যুদ্ধে অগ্রভাগে থাকা যোদ্ধাদের স্যালুট জানিয়ে দেয়াল চিত্র

অনলাইন ডেস্ক।।
বিশ্বব্যাপী মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনা কালীন সময়ে ডাক্তার, নার্স, পুলিশ ও সাংবাদিকসহ যারা যারা অগ্রভাগে থেকে দায়িত্বপালন করেছেন তাদের স্যালুট জানিয়ে দেয়ালচিত্র এঁকেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
ডিএনসিসির গুলশান–২ মার্কেটের দেয়ালে এমন দুটি চিত্র উদ্বোধন করেন মেয়র মো. আতিকুল ইসলাম।
এসময় তিনি বলেন, করোনা মোকাবিলায় সমাজের বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ এগিয়ে এসেছে। বিশেষ করে ডাক্তার, নার্স, পুলিশ ও সাংবাদিকসহ অন্যান্য চিকিৎসাকর্মী, সরকারি কর্মচারী, সমাজকর্মী, স্বেচ্ছাসেবকসহ আরও অনেকে নানাভাবে করোনা মোকাবিলায় অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। এ দেয়ালচিত্র দুটিতে তাদের প্রতি কৃতজ্ঞতার প্রতিফলন ঘটানো হয়েছে।
আতিকুল ইসলাম আরও বলেন, গণমাধ্যমকর্মীরা করোনা মোকাবিলায় জনগণকে সচেতন করে যাচ্ছেন প্রতি মুহূর্তে। বিভিন্ন অসঙ্গতি তুলে ধরছেন তাদের বচন, ক্যামেরা ও কলমের মাধ্যমে। গণমাধ্যমকর্মীদের প্রতি কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ হিসাবে এ দেয়ালচিত্রে তাদেরকেও তুলে ধরা হয়েছে।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের কর্মীরা প্রতিদিন শহরকে পরিষ্কার–পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত করে যাচ্ছে। জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করছে। ত্রাণ বিতরণ করছে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে। এ দেয়ালচিত্রে তাদেরও দেখানো হয়েছে।
