মানুষকে সুরক্ষিত রাখতে প্রানপন চেষ্টা করে যাচ্ছি: প্রধানমন্ত্রী

শেখ আল মামুন।।
করোনাভাইরাস থেকে মানুষের জীবন বাঁচাতে এবং অর্থনীতি সচল রাখতে সরকারের নেওয়া উদ্যোগের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, “আমরা প্রাণপণ চেষ্টা করে যাচ্ছি এই করোনা ভাইরাস থেকে দেশের মানুষকে রক্ষা করতে। চেষ্টা করে যাচ্ছি দেশের মানুষকে সুরক্ষিত করতে। তাদের স্বাস্থ্য সুরক্ষিত করা, অর্থনৈতিক কর্মকাণ্ড সচল করা, তাদের সামাজিক নিরাপত্তা দেওয়া, সবদিক থেকে আমরা কাজ করে যাচ্ছি।”
করোনা দুর্যোগে দেশের অর্থনীতিতে স্থবিরতা কাটাতে কিছু কিছু ক্ষেত্রে লকডাইন শিথিল করার বিষয়ে তিনি বলেছেন, মানুষকে বাঁচাতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে ।
বৃহস্পতিবার (৪ জুন) ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে অনুদান গ্রহণকালে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুদান গ্রহণ করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস। এসময় প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সে সংযুক্ত ছিলেন।
তিনি বলেন, “যেহেতু অর্থনীতি একেবারে স্থবির অবস্থায় রয়েছে আমরা কিছু কিছু ক্ষেত্রে এখন উন্মুক্ত করছি। কারণ মানুষকে আমাদের তো বাঁচাতে হবে। এই কর্মকাণ্ডগুলো না করলে, কতটা আমরা সহযোগিতা করবো। তারপরও আমি বলবো এই ক’মাস এদেশে প্রায় প্রতি স্তরের মানুষকে ব্যাপকভাবে সহযোগিতা দিচ্ছি।”
অর্থনীতি সচল রাখতে নেওয়া পদক্ষেপের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, অর্থনৈতিক কর্মকাণ্ড যাতে চলে, সেদিকে লক্ষ্য রেখে আমাদের শিল্প থেকে শুরু করে সর্বস্তরের সবাই যেন তাদের কার্যকক্রম চালাতে পারে তার জন্য বিশেষ প্রণোদনাও আমরা দিচ্ছি। জিডিপি’র প্রায় ৩ শতাংশ ৭ প্রণোদনা দিচ্ছি।
প্রধানমন্ত্রী আরো বলেন, “গত ৩-৪ মাস ধরে আমাদের অর্থনীতি একেবারে স্থবির। তারপরেও আমরা অন্তত মানুষের কথা চিন্তা করে, মানুষের কল্যাণের কথা চিন্তা করে কাজ করে যাচ্ছি। এটা মনে রাখতে হবে আওয়ামী লীগ জাতির পিতা বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন। সব সময় জনগণের কল্যাণেই আমরা কাজ করি।”
এ সময় বিদ্যমান চিকিৎসাসেবা প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, “চিকিৎসাসেবা আমরা ব্যাপকভাবে দেওয়ার উদ্যোগ নিয়েছি এবং আমরা দিয়ে যাচ্ছি। বিনা পয়সায় চিকিৎসা দেওয়া হচ্ছে। করোনা ভাইরাস এটা টেস্ট করা বা চিকিৎসা করা বেশ ব্যয়বহুল। তারপরও আমরা সেটা করে যাচ্ছি। এভাবে আমরা চেষ্টা করে যাচ্ছি।” করোনা সংক্রমণে যাঁদের মৃত্যু হয়েছে তাঁদের আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তস্ত পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি।
