২০২০-২১ অর্থবছরের বাজেটে দাম বাড়ছে বিড়ি ও সিগারেটের

অনলাইন ডেস্ক।।

বৃহস্পতিবার(১১ জুন) সংসদে উত্থাপিত ২০২০-২১ অর্থবছরের বাজেটে বেড়েছে বিড়ি ও সিগারেটের দাম।

প্রস্তাবিত বাজেট ঘোষনায় অর্থমন্ত্রী বলেন, সিগারেটের নিম্ন স্তরের ১০ শলাকার দাম ৩৯ টাকা ও তদুর্ধ্ব এবং সম্পূরক শুল্ক ৫৭ শতাংশ ধার্যের প্রস্তাব করছি। এ ছাড়া মধ্যম স্তরের ১০ শলাকার দাম ৬৩ টাকা ও তদুর্ধ্ব, উচ্চ স্থরের ১০ শলাকার দাম ৯৭ টাকা ও তদুর্ধ্ব, অতি-উচ্চ স্তরের ১০ শলাকার দাম ১২৮ টাকা ও তদুর্ধ্ব এবং এই তিনটি স্তরের সম্পূরক শুল্ক ৬৫ শতাংশ নির্ধারণ করার প্রস্তাব করছি।

অর্থমন্ত্রী বলেন, যন্ত্রের সাহায্য ব্যতীত হাতে তৈরি ফিল্টার বিহীন বিড়ির ২৫ শলাকার দাম ১৪ টাকা থেকে বৃদ্ধি করে ১৮ টাকা, ১২ শলাকার দাম ৬.৭২ টাকা থেকে বৃদ্ধি করে ৯ টাকা ও ৮ শলাকার দাম ৪.৪৮ টাকা থেকে বৃদ্ধি করে ৬ টাকা এবং সম্পূরক শুল্ক ৩০ শতাংশ অব্যাহত রাখার প্রস্তাব করছি। এ ছাড়া ফিল্টার সংযুক্ত বিড়ির দাম ৮.৫০ টাকা থেকে বৃদ্ধি করে ১০ টাকা এবং সম্পূরক শুল্ক ৪০ শতাংশ অব্যাহত রাখার প্রস্তাব করছি।

এ ছাড়া বাজেটে জর্দার দাম বাড়ানোর প্রস্তাব রেখে তিনি বলেন, প্রতি ১০ গ্রাম জর্দার দাম ৪০ টাকা ও সম্পূরক শুল্ক ৫৫ শতাংশ এবং প্রতি ১০ গ্রাম গুলের দাম ২০ টাকা ও সম্পূরক শুল্ক ৫৫ টাকা নির্ধারণ করার প্রস্তাব করছি। গত বছরের বাজেটেও এক দফা সিগারেটের দাম বাড়ানো হয়।