সাতক্ষীরায় কোভিড-১৯ চিকিৎসায় নিয়োজিত ডাক্তার ও সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় সভা

শেখ আল মামুন,সাতক্ষীরা প্রতিনিধি।।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মানিত সচিব জনাব শেখ ইউসুফ হারুন মহোদয় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে  কোভিড-১৯ চিকিৎসায় নিয়োজিত  ডাক্তার ও সংশ্লিষ্টদের  সাথে একটি মতবিনিময় সভা করেন।

শনিবার(১১ জুলাই)সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল মিলনায়তনে জেলা প্রশাসন এর আয়োজনে ডাক্তার ও সংশ্লিষ্টদের  সাথে  মতবিনিময় সভা করা হয়।

উক্ত সভায় উপস্থিত ছিলেন সাতক্ষীরা -১ আসনের  মাননীয় সংসদ সদস্য এডভোকেট  জনাব মুস্তফা লুৎফুল্লাহ, জেলা প্রশাসক সাতক্ষীরা জনাব এস এম মোস্তফা কামাল, অধ্যক্ষ সাতক্ষীরা মেডিকেল কলেজ, তত্ত্বাবধায়ক সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল, সম্মানিত সিভিল সার্জন, সাতক্ষীরা,  সম্মানিত পুলিশ সুপার সাতক্ষীরা এঁর প্রতিনিধি ও কোভিড-১৯ এ চিকিৎসায় নিয়োজিত সম্মানিত চিকিৎসকবৃন্দ।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে  কর্মরত  চিকিৎসকগণ পর্যায়ক্রমে কোভিড-১৯ মোকাবিলায় তাদেরকে যেসব সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তা তুলে ধরেন।

সাতক্ষীরা মেডিকেল কলেজের সম্মানিত  অধ্যক্ষ, তত্ত্বাবধায়ক সামেকহা , সিভিল সার্জন, সাতক্ষীরা  সামেক এর সম্মানিত অধ্যাপক সহ অন্যান্য ডাক্তারবৃন্দ প্রায় সকলের বক্তব্যেই মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তার স্বল্পতা ( অনুমোদিত ৫৮টি পদের মধ্যে কর্মরত ২৫ জন) , নার্স স্বল্পতা, ৮টি ICU  এর মধ্যে মাত্র ৪টিতে ভেন্টিলেটর কার্যকর, High Flow Nasal Canola না থাকা,পর্যাপ্ত সুরক্ষা সামগ্রী না থাকা ইত্যাদি সমস্যা উঠে আসে।

জেলা প্রশাসক,সাতক্ষীরা  জেলা প্রশাসনের করোনা তহবিল হতে ১টি High Flow Nasal Canola  প্রদানের ঘোষণা দেন। সম্মানিত সচিব মহোদয় তাঁর বক্তব্যে বলেন আলোচনার শুরু থেকে যেসব সমস্যা নিয়ে আলোচনা হয়েছে সেসব সমস্যা সমাধানে তিনি সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণ করবেন।

তিনি ব্যক্তিগতভাবে High Flow Nasal Canola ক্রয়ের জন্য ১ লক্ষ টাকা প্রদানের ঘোষণা দেন। এছাড়া তিনি ঢাকাস্থ সাতক্ষীরা সমিতি থেকে তহবিল সংগ্রহ করে আরেকটা HFNC (High Flow  Nasal Canola) প্রদানের ঘোষণা দেন।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে  ডাক্তার ও নার্স স্বল্পতা নিরসনে জরুরি পদক্ষেপ নিবেন বলে ঘোষণা দেন। সবশেষে তিনি সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে  কর্মরত কোভিড-১৯ মোকাবিলায় কর্মরত সকল ডাক্তারদেরকে নিরলসভাবে কাজ করে যাওয়ার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।