আদমদীঘিতে বাল্য বিয়ে বন্ধ করলেন ইউএনও

হাবিব শিমুল,আদমদীঘি প্রতিনিধি ।।
বগুড়ার আদমদীঘিতে উপজেলা নির্বাহী অফিসার গভীর রাতে অভিযান চালিয়ে বন্ধ করে দিয়েছেন বাল্য বিয়ে। সেই সাথে কনের বাবার আর্থিক দন্ড এবং বরের কারাদন্ড দিয়েছেন। ফলে অভিশপ্ত বাল্য বিয়ে থেকে রক্ষা পেল সেবা (১৬) নামের এক স্কুল ছাত্রী।
ঘটনাটি ঘটেছে বুধবার(১৯ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের চকসাবাজ গ্রামে। জানা গেছে, উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের চকসাবাজ গ্রামের শরীফ উদ্দিনের মেয়ে স্কুল ছাত্রী সেবা আক্তার (১৬) এর সাথে একই উপজেলার পশ্চিম সিংড়া গ্রামের আকরাম চৌধুরীর ছেলে অন্তর চৌধুরী (১৯) এর বিয়ে ঠিক হয়।
বুধবার রাতে বিয়ের সকল আয়োজন করা হয় কনের বাড়িতে। রাতে বরযাত্রী কনের বাড়িতে পৌছায়। বিয়ের আনুষ্ঠানিকতা চলার সময় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার পুলিশ নিয়ে ভ্রাম্যমান আদালতের অভিযান চালান বিয়ের আসরে।
এ সময় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কনের বাবা শরীফ উদ্দিনের নগদ ৫ হাজার টাকা জরিমানা ও বর অন্তর চৌধুরীর এক মাসের কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার এ,কে,এম আব্দুল্লাহ বিন রশিদ।
