চট্টগ্রাম বন্দরে কাত হয়ে পড়েছে বিদেশি জাহাজ

সাজ্জাদ চৌধুরী,চট্টগ্রাম প্রতিনিধি।।
চট্টগ্রাম বন্দরে রপ্তানি পণ্যের কন্টেইনার লোড করার সময় ‘এমভি ওইএল হিন্দ’ নামের পানামার পতাকাবাহী একটি জাহাজ কাত হয়ে গেছে।
রোববার(২৩ আগস্ট) সকালে বন্দর ছেড়ে যাওয়ার সময় জেনারেল কার্গো বার্থের (জিসিবি) ১১ নম্বর জেটিতে এ ঘটনা ঘটে। পরে আর এটিকে যেতে দেয়া হয়নি।
কাত হয়ে জেটির দিকে হিলে পড়া ‘এমভি ওইএল হিন্দ’
বন্দর কর্তৃপক্ষ বলছে, রপ্তানি পণ্যের কন্টেইনার বোঝাইয়ের সময় ভারসাম্য ঠিক না থাকায় জাহাজটির এমন হাল হয়েছে। এটি জেটির দিকে প্রায় ৮ ডিগ্রি এঙ্গেলে হেলে পড়েছে। এখন কিছু কন্টেইনার নামিয়ে ভারসাম্য ঠিক করার চেষ্টা চলছে। স্বাভাবিক হলেই এটিকে ছেড়ে যাওয়ার অনুমতি দেয়া হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জাহাজটি ১৮৪ দশমিক ১০ মিটার লম্বা এবং ৮ মিটার চওড়া। রোববার সকালে এটির বন্দর ছেড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু সকাল ৭টার দিকে এটি ছাড়ার আগ মুহূর্তে জেটির দিকে হেলে পড়ে। মূলত ৯৬৪টি ইইউএস (২০ ফুট সমমানের) কন্টেইনার রপ্তানি পণ্য এবং খালি কন্টেইনার লোড করার কারণেই এমনটা হয়েছে। তাই জাহাজটিকে আর বন্দর ত্যাগের অনুমতি দেয়া হয়নি।
পরে দুপুর থেকে ৫০০ টন ওজনের সমপরিমাণ কন্টেইনার নামিয়ে জাহাজটিকে হালকা করার কাজ শুরু হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনো কাজ চলছে। জাহাজটি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নেয়ার পরই বন্দর ত্যাগের অনুমতি দেয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বন্দর কর্মকর্তারা বলছেন, জাহাজটির ক্রেন নষ্ট হয়ে যাওয়াতে আরো বেশি সমস্যা তৈরি হয়েছে। আবার বন্দরের ক্রেন দিয়ে জাহাজের ওপরের দিকের কন্টেইনারও নামানো সম্ভব হচ্ছে না। সে জন্যই দেরি হচ্ছে।
এ বিষয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক বলেন, কন্টেইনার লোড করার সময় ওজনের ভারসাম্য ঠিক না থাকায় জাহাজটি জেটির দিকে কাত হয়ে গেছে। কিছু কন্টেইনার এখন নামানো হচ্ছে। জাহাজটিকে স্বাভাবিক অবস্থায় নেয়ার পরই ছাড়ার অনুমতি দেয়া হবে।

Share this news as a Photo Card

24 August 2020

চট্টগ্রাম বন্দরে কাত হয়ে পড়েছে বিদেশি জাহাজ

www.nagorikkagoj.com | বিস্তা‌রিত ক‌মে‌ন্টে