সান্তাহারে হোটেল কর্মী খুনের ঘটনায় আটক-৪

হাবিব শিমুল (আদমদীঘি প্রতিনিধি)
সান্তাহার শহরের মালগুদাম এলাকায় শিমুল হোসেন (৩২) নামের এক হোটেল কর্মী খুন হয়েছে। বুধবার রাতের কোন এক সময় এই খুনের ঘটনা ঘটে।
শিমুল হোসেন সান্তাহার পৌর শহরের ইয়ার্ড কলোনী মাস্টারপাড়া এলাকার শাহাজাহান আলীর ছেলে। তিনি সান্তাহার স্টেশন রোডে অবস্থিত বিসমিল্লাহ হোটেলের কর্মচারী ছিলেন। এ ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে ও জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হোটেলের ৩ কর্মচারীসহ চারজনকে আটক করেছে।
জানা গেছে, শহরের মালগুদাম এলাকায় বিসমিল্লাহ হোটেলের মিষ্টি ও দই তৈরীর কারখানা রয়েছে। খুনের শিকার শিমূল রাতে ওই কারখানায় ছিলেন। রাতের কোন এক সময় তাকে শ্বাসরোধ করে খুন করা হয়। বৃহস্পতিবার সকালে পাশের দোকানের দেলোয়ার হোসেন নামের এক ব্যক্তি শিমুলকে ঘুম থেকে জাগানোর জন্য ডাকতে থাকে। কিন্তু তার কোন সাড়া না পাওয়ায় দরজার ফাঁক দিয়ে শিমুলের দেহ মেঝেতে পড়ে থাকতে দেখে। পরে আশপাশের লোকজনকে ডেকে ঘরে ঢুকে শিমুলের মৃতদেহ দেখতে পায়। এ সময় শিমুলের মুখ বালিশ ও কাঁথা দিয়ে জড়ানো ছিল।
লাশের সুরুতহাল রিপোর্ট তৈরি করা সান্তাহার টাউন পুলিশ ফাঁড়ির টি,এস,আই আব্দুল ওয়াদুদ জানান, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে শিমুলকে বালিশ ও কাথাঁ দিয়ে শ্বাসরোধ করে খুন করা হয়েছে।
বিসমিল্লাহ হোটেলের মালিক এমরান হোসেন বলেন, শিমুল অত্যন্ত নিরীহ ও শান্ত প্রকৃতির মানুষ ছিল। সে সময় তাঁর বেতনের টাকা কাছে রাখত এবং তার কাছে একটি দামী মোবাইল ফোন ছিল। টাকা ও ফোনের লোভে কেউ তাকে খুন করতে পারে।
আদমদীঘি থানার ওসি(তদন্ত) আব্দুর রাজ্জাক বলেন, এ ঘটনায় শিমুলের বাবা শাহাজাহান আলী বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। লাশ ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
