দেশ পরিচালনায় পরবর্তী প্রজন্মের জন্য দিক-নিদের্শনা তৈরির ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ

অনলাইন ডেস্ক।।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভবিষ্যতে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পরবর্তী প্রজন্মের জন্য দিক-নিদের্শনা তৈরির প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করেছেন।

বুধবার(১৬ সেপ্টেম্বর) সকালে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি গণভবনে দলের প্রেসিডিয়াম সদস্যদের সভায় উদ্বোধনী বক্তব্যে এ কথা বলেন।

তিনি বলেন, ‘জাতির পিতার নেতৃত্বে আওয়ামী লীগ দেশের স্বাধীনতা এনে দিয়েছে। যেহেতু আমরা ক্ষমতায় আছি, তাই, পরবর্তী প্রজন্ম শুধু বর্তমানেই নয়, বরং ভবিষ্যতেও কিভাবে দেশ পরিচালনা করবে এবং দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাবে, তার উপায় বের করার দায়িত্বও আমাদেরকেই নিতে হবে। আর সে লক্ষে আমাদেরকে এখন থেকেই প্রস্তুতি গ্রহণ করতে হবে।’

তিনি আরো বলেন, ‘আমরা জানি, পরিবর্তন আসবেই। তা সত্ত্বেও যদি পরবর্তী প্রজন্মের জন্য একটি দিক-নিদের্শনা প্রস্তুত করে রাখা হয়, তবে যে কেউই ক্ষমতায় আসুক, তাদের জন্য কাজ করা সহজ হবে।’