মৌজা ও প্লট ভিত্তিক জাতীয় ডিজিটাল ভূমি জোনিং প্রকল্প অনুমোদন

অনলাইন ডেস্ক ।।

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) মৌজা ও প্লট ভিত্তিক জাতীয় ডিজিটাল ভূমি জোনিং প্রকল্পসহ মোট ৪ প্রকল্পের অনুমোদন দিয়েছে। এ সব প্রকল্প বাস্তবায়নে খরচ হবে ৭৯৬ কোটি ৪৫ লাখ টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে ব্যয় হবে ৬২৩ কোটি ৬৫ লাখ টাকা এবং প্রকল্প সাহায্য হিসেবে বৈদেশিক ঋণ সহায়তা পাওয়া যাবে ১৭২ কোটি ৮০ লাখ টাকা।

মঙ্গলবার(২৯ সেপ্টেম্বর) রাজধানীর শেরে-বাংলা নগর এনইসি সভাকক্ষে একনেক চেয়ারপার্সন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় এসব প্রকল্পের অনুমোদন দেয়া হয়। প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় যুক্ত হন।

সভাশেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান প্রকল্পের বিষয়ে সাংবাদিকদের বিস্তারিত ব্রিফ করেন।

পরিকল্পনা মন্ত্রী  বলেন, অনুমোদিত মৌজা ও প্লট ভিত্তিক জাতীয় ডিজিটাল ভূমি জোনিং প্রকল্পের আওতায় সমগ্র দেশে ডিজিটাল ভূমি জোনিং এবং মৌজা ও প্লট ভিত্তিক ডাটা বেইজ প্রণয়নের মাধ্যমে ভূমির প্রকৃতি অনুযায়ী বিভিন্ন ক্যাটাগরিতে বিভক্ত করে মাঠ পর্যায়ে সুষ্ঠু ভূমি ব্যবস্থাপনা ও ভূমি সম্পদ সংরক্ষণ করা সম্ভব হবে।

মন্ত্রী জানান, একনেক সভায় প্রধানমন্ত্রী বলেছেন, মৌজা ও প্লটভিত্তিক জাতীয় ডিজিটাল ভূমি জোনিং প্রকল্প সফলভাবে বাস্তবায়ন হলে ভূমি সম্পর্কিত জটিলতা যেমন দূর হবে তেমনি মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ব কমে যাবে।
প্রধানমন্ত্রী ভূমি সেবা প্রত্যাশীদের ভোগান্তি কমাতে সারাদেশে সাব-রেজিস্ট্রি অফিসকে ডিজিটালাইজড করারও ওপর গুরুত্বারোপ করেন।

পরিকল্পনা কমিশনের সদস্য মো. জাকির হোসেন আকন্দ জানান, ৩৩৭ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে জানুয়ারি ২০২০ হতে জুন ২০২৪ মেয়াদে প্রকল্পটি বাস্তবায়ন হবে। এর আওতায় দেশের ৬৪টি জেলার ৪৯৩টি উপজেলা এবং ৪ হাজার ৫৬২টি ইউনিয়নের ৫৬ হাজার ৩৪৮ মৌজা ও প্লটভিত্তিক ডাটা বেইজ প্রণয়ন করা হবে।বাসস