চোরাই ডিজেল পাচারের সময় মোংলায় তিন চোরাকারবারীকে আটক করেছে কোস্ট গার্ড

মোঃমাসুদ পারভেজ,বাগেরহাট জেলা প্রতিনিধিঃ
মোংলা বন্দরে অবস্থানরত বিদেশী জাহাজ থেকে জ্বালানী তেল (ডিজেল) পাচারের সময় তিন চোরাকারবারীকে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে ডিজেল ও চোরাকারবারীর কাজে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত ট্রলারও।
মঙ্গলবার(০৬ সেপ্টেম্বর) ভোরে মোংলা পশুর নদীর সাইলো সংলগ্ন এলাকা থেকে একটি ইঞ্জিন চালিত ট্রলারে প্লাষ্টিক কন্টিনার বোঝাই ১৫৫০ লিটার তেল জব্দ করে কোস্টগার্ড। ওই সময় চোরাই কাজে জড়িত থাকার দায়ে ট্রলার সহ তিন চোরাকারবারীকে আটক করেছে কোস্টগার্ডের টহল দলটি।
আটককৃতরা হলো মোংলার কানাইনগর এলাকার ফারুক খাঁনের ছেলে হাবিব খাঁন (৪৫), আব্দুর রউফ হাওলাদারের ছেলে আবুল শেখ (৪৮) ও নুর মোহাম্মদের ছেলে সুমন (১৮)। জব্দকৃত মালমালসহ আটককৃতদের মঙ্গলবার দুপুরে মোংলা থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে।
কোস্ট গার্ড পশ্চিম জোনের (মোংলা) গোয়েন্দা কর্মকতা লে: এম ফয়সাল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে মোংলা বন্দরের পশুর চ্যানেলের জয়মনি খাদ্যগুদাম সংলগ্ন এলাকায় সোমবার দিবাগত রাত ১টার দিকে অভিযান চালায় কোস্ট গার্ড সদস্যরা। এ সময় বিদেশী জাহাজ থেকে নামিয়ে পাচারকালে ১ হাজার ৫শ ৫০ লিটার ডিজেল ও একটি ট্রলারসহ তিন চোরাকারবারীকে আটক করে অভিযানাকারীরা।তিনি আরো জানান, নদী পথে চোরাচালান রোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।
এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর হস্তান্তরকৃত চোরাকাবারীদেরকে বাগেরহাট আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছেন মোংলা থানার অফিসার ইনচার্জ মো: ইকবাল বাহার চৌধুরী।
