৪ মডেলের ‘আইফোন ১২’ আনলো অ্যাপল

অনলাইন ডেস্ক ।।
বাংলাদেশ সময় মঙ্গলবার(১৩ অক্টোবর) রাতে অ্যাপল লঞ্চ করেছে আইফোন ১২-এর চারটি ভার্সন- আইফোন ১২, আইফোন ১২ মিনি এবং আইফোন ১২ প্রো এবং প্রো ম্যাক্স।
মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার অ্যাপল পার্ক থেকে ভার্চুয়াল ইভেন্টের মাধ্যমে আইফোন ১২ সিরিজের চারটি ডিভাইস উন্মোচন করেছে প্রতিষ্ঠানটি।
প্রতিবেদনে বলা হয়েছে, সবগুলো মডেলেই ৫জি কাজ করবে। আগামী ৩০ অক্টোবর থেকে ভারতে পাওয়া যাবে আইফোন ১২ এবং আইফোন ১২ প্রো মডেল দু’টি। তবে আইফোন ১২ মিনি এবং আইফোন ১২ প্রো ম্যাক্স কবে আসবে সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলা হয়নি।
লাল, সাদা, নীল, সবুজ এবং কালো— এই পাঁচটি রঙে পাওয়া যাবে আইফোন ১২ এবং আইফোন ১২ মিনি। ৬৪, ১২৮ এবং ২৫৬ জিবি— এই তিনটে ভ্যারিয়ান্টেই ফোনগুলো মিলবে।
আইফোন ১২ মিনি, আইফোন ১২, আইফোন ১২ প্রো এবং আইফোন ১২ প্রো ম্যাক্সের বাজার মূল্য শুরু হচ্ছে যথাক্রমে ৬৯৯, ৭৯৯, ৯৯৯ এবং ১০৯৯ মার্কিন ডলার থেকে।
আইফোন ১২ সিরিজের এই ফোনগুলো খুব পাতলা করা হয়েছে। ওজনেও হালকা এবং ছোট। ফোনের ধারগুলো আগের তুলনায় অনেকটাই ‘ফ্ল্যাট’ করা হয়েছে। ৫জি সাপোর্ট ছাড়াও এই ফোনে ব্যবহার করা হয়েছে ওয়্যারলেস সফটওয়্যার। অ্যাপল-এর ভাইস প্রেসিডেন্ট অরুণ ম্যাথিয়াস জানান, ফোনগুলি ৫জি হওয়ায় এই ফোনে ডাউনলোড স্পিড হবে প্রতি সেকেন্ড ৪ গিগাবাইট।
