বালিশের ভিতরে ফেন্সিডিলের স্তুপ

হাবিব শিমুল,আদমদীঘি(বগুড়া) প্রতিনিধি।।

বালিশের ভিতর ফেন্সিডিলের বোতল সাজিয়ে প্লাস্টিকের বস্তায় করে ঢাকায় নিয়ে যাবার সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সান্তাহার সার্কেলের পরিদর্শকের হাতে গ্রেফতার হয়েছে সোহেল রানা (২৯) নামের এক মাদক ব্যবসায়ী।

ঘটনাটি ঘটেছে বুধবার(২১ অক্টোবর) রাতে বগুড়ার আদমদীঘিতে।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সান্তাহার সার্কেলের পরিদর্শক শামসুল আলম সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে বুধবার সন্ধ্যা রাতে উপজেলার শিবপুর এলাকায় শারীব জৈব সার কারখানার সামনে অববস্থান নেয়। এরপর নওগাঁ থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাস ওই স্থানে আটকিয়ে তল্লাশি করে। এ সময় যাত্রীবেশী ওই মাদক ব্যবসায়ীর নিকট থেকে একটি প্লাস্টিকের বস্তায় দু’টি বালিশের ভিতরে বিশেষ ভাবে লুকানো অবস্থায় ১২০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। সেই সাথে মাদক ব্যবসায়ী সোহেল রানাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী সোহেল রানা নওগাঁ জেলার ধামুরহাট উপজেলার মাতাজি ঘোষনগর গ্রামের মোঃ মতি মন্ডলের ছেলে। এ ঘটনায় বৃহস্পতিবার সকালে আদমদীঘি থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে এবং দুপুরে তাকে বগুড়ার আদালতে পাঠানো হয়েছে।