সান্তাহারে গণধর্ষণ মামলার দুই আসামী গ্রেফতার

হাবিব শিমুল,আদমদীঘি(বগুড়া) প্রতিনিধি ।।
বগুড়ার সান্তাহারে বিনোদন স্পট শখের পল্লী পার্কে কাজ শেষ করে বাড়ী ফেরার পথে এক নারীকে তুলে নিয়ে গিয়ে করা গণধর্ষণ মামলার দুই আসামীকে ঢাকার কামরাঙ্গীরচর এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার রাতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো সান্তাহার পৌর শহরের রথবাড়ি মহল্লার সৈয়দ আলীর ছেলে জহুরুল (২৭) ও আইযুব আলীর ছেলে নাহিদ (২৯)।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ৮ সেপ্টেম্বর রাত সাড়ে ৭ টার দিকে শখের পল্লী পার্কে কর্মরত এক নারী শ্রমিক কাজ শেষ করে ভ্যান যোগে বাড়ি ফিরছিল। তাকে বহনকারি ভ্যান তিয়রপাড়া সেতুতে পৌঁছলে ৯ বখাটে যুবক ভ্যান চালককে মারপিট করে তাড়িয়ে দেয়। এরপর নারী শ্রমিককে জোরপূর্বক ভ্যান থেকে নামিয়ে খালের পাড়ে নিয়ে গিয়ে পালাক্রমে ধর্ষণ করে ফেলে রেখে যায়। পরে সংবাদ পেয়ে ওই নারীর স্বজনরা তাকে খালের পাড় থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে। ওই নারী পরের দিন বাদী হয়ে ৯ জনের বিরুদ্ধে আদমদীঘি থানায় একটি মামলা দায়ের করেন।
পুলিশ সে সময়ে ৩ জনকে গ্রেফতার করে। ঘটনা ঘটানোর মূল হোতা জহুরুল ও নাহিদ পালিয়ে ঢাকায় আত্মগোপন করে। মামলার তদন্তকারী অফিসার সান্তাহার পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনিসুর রহমান শুক্রবার দুইজনকে গ্রেফতারের কথা নিশ্চিত করেছেন।
