আজ গাধা ও হাতির লড়াই, সবার নজর আমেরিকার দিকে

অনলাইন ডেস্ক ।।
আজ মঙ্গলবার ৩ নভেম্বর,২০২০। আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র আমেরিকার ৫৯তম প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ। এর মধ্য দিয়ে নির্বাচিত হবে দেশটির ৪৬তম প্রেসিডেন্ট।
এই নির্বাচনকে কেন্দ্র করে বিশ্ব তাকিয়ে আছে আমেরিকার দিকে। বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবারও নির্বাচনে প্রার্থী। তার প্রতীক ‘হাতি’। নির্বাচনে এবার ট্রাম্পের মূল প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। তার প্রতীক ‘গাধা’। বিভিন্ন সমীক্ষায় এবার ট্রাম্পের থেকে এগিয়ে রয়েছেন বাইডেন।
এদিকে আমেরিকার আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের পর সহিংসতা ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছেন দেশের বেশিরভাগ মানুষ। সম্প্রতি এক সমীক্ষায় প্রতি চারজনের মধ্যে তিনজনই মনে করছেন, নির্বাচনের পর সহিংসতা ছড়িয়ে পড়বে।
বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্প গণতন্ত্রের মূল ভিত্তিতে আঘাত হেনেছেন। যে দেশে ৪০ কোটি আগ্নেয়াস্ত্র সাধারণ মানুষের হাতে, সেখানে শীর্ষ রাজনীতিকের এমন অবস্থান দেশকে বড় সংঘাতের দিকে ঠেলে দিতে পারে।
শেষ মুহূর্তে এসেও ট্রাম্পের চেয়ে বড় ব্যবধানে জাতীয় পর্যায়ে এগিয়ে রয়েছেন বাইডেন। সিএনএনের ভোটের হিসাব বলছে, বাইডেনের জেতার সম্ভাবনা রয়েছে এমন রাজ্যগুলোতে ইলেকটোরাল ভোট রয়েছে ২৯০টি এবং ট্রাম্প জিততে পারেন এমন রাজ্যে রয়েছে ১৬৩টি ইলেকটোরাল ভোট। এ অবস্থায় সুইং স্টেটগুলোতে অবশ্যই ট্রাম্পকে জিততে হবে। সেই হিসাব কষে প্রচারণা চালাচ্ছেন তিনি।
বিশ্লেষকেরা বলছেন, এই রাজ্যে হারলে নির্বাচনে ঘুরে দাঁড়ানো ট্রাম্পের জন্য কঠিন হয়ে দাঁড়াবে। এমন অবস্থায় প্রেসিডেন্ট হতে হলে টেক্সাসে জয় নিশ্চিত করে সব সুইং স্টেটে জয় পেতে হবে ট্রাম্পকে।
তাছাড়া আমেরিকার ভোটের সময় ভুয়া তথ্য ছড়িয়ে পড়তে পারে। এর পাশাপাশি সম্ভাবনা রয়েছে অস্থিরতা বাড়ার। ইতিমধ্যে এমনই আশঙ্কা প্রকাশ করেছেন ফেসবুক হোয়াটসঅ্যাপের কর্ণধার মার্ক জুকারবার্গ। তার মতে, এই ভোট সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলোর কাছে এক কঠিন পরীক্ষা হতে চলেছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ক্ষেত্রে দোদুল্যমান রাজ্যগুলোর দিকে নজর দিচ্ছেন ট্রাম্প বাইডেন দু’জনেই। এই অঙ্গরাজ্যগুলোর ভোটারদের মন জয় করার চেষ্টা করছেন উভয়েই। কারণ শেষমেষ নির্বাচনে জয়ের ক্ষেত্রে এই দোদুল্যমান রাজ্যগুলো একটা বড় ভূমিকা নিয়ে থাকে। ভোটের ফলে ওই রাজ্যগুলো যেন নির্ণায়ক হয়ে ওঠে।
