লালমনিরহাট রেল বিভাগের একাধিক ট্রেন বন্ধ থাকায় যাত্রীদের চরম ভোগান্তি

মিজানুর রহমান,লালমনিরহাট প্রতিনিধি ।।

লালমনিরহাট রেল বিভাগের একাধিক ট্রেন বন্ধ থাকায় যাত্রীদের দুর্ভোগ বেড়েছে, অবিলম্বে ট্রেন গুলো চালুর জন্য দাবী উঠেছে সর্বত্র।

করোনা দুর্যোগ মোকাবিলায় দেশের সকল যানবাহনের উপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হলে,লালমনিরহাট রেল বিভাগের আওতায় আন্তঃ নগর ট্রেন সহ কয়েক জোড়া ট্রেন বন্ধ করে দেওয়া হয়।করোনা প্রাদুর্ভাব কমে আসলে দেশের সকল যানবাহন ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে।

ইতিমধ্যে সারা দেশের ন্যায় লালমনিরহাট রেল বিভাগের আওতায় কুড়িগ্রাম এক্সপ্রেস,লালমনি এক্সপ্রেস সহ বেশ কয়েকটি লোকাল ট্রেনের স্বাভাবিক চলাচল শুরু হয়েছে।লালমনিরহাট রেল বিভাগের আওতায় গুরুত্বপূর্ণ কয়েকটি ট্রেন এখনো চলাচলের সিদ্ধান্ত না হওয়ায় যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে।

লালমনিরহাট থেকে ৪৬১নং ট্রেনটি সকাল ১০টা নাগাদ ছেড়ে দুপুর ১২-৪৫ মিঃ পার্বতীপুর পৌছত, বিকেল ৪ʼ৩৫মিঃ ৪৬২ নাম্বার হয়ে পার্বতীপুর থেকে ছেড়ে এসে সন্ধ্যা ৬’৫০মিঃ লালমনিরহাট এসে পৌছত।সন্ধ্যা ৭’১০মিঃ ট্রেনটি ৪৫৫নাম্বার হয়ে বুড়িমারির উদ্দেশ্যে রওয়ানা হত,রাতে বুড়িমারি ট্রেনটি পৌছে সেখানে অবস্থান করতো,৪৫৬ নাম্বার হয়ে পরদিন সকালে বুড়িমারি থেকে রওয়ানা হয়ে সকাল নয়টা নাগাদ লালমনির হাট এসে পৌছত।

পাটগ্রাম,হাতিবান্ধা, কালিগঞ্জ, আদিতমারি,এই চার উপজেলার হাজার হাজার ট্রেন যাত্রী এই ট্রেনে চরে জেলা শহড় লালমনিরহাট মুখী এবং সকাল দশটায় বিভাগীয় শহড় রংপুর, বদরগঞ্জ, শ্যামপুর, পার্বতীপুর উদ্দেশ্যে যাতায়াত করতো।

অনুরূপ ভাবে পার্বতীপুর,রংপুর, জেলা শহড় লালমনিরহাট থেকে কাজ সেরে রওয়ানা দিয়ে রাতেই কালিগঞ্জ, আদিতমারি,হাতিবান্ধা,পাটগ্রাম ও বুড়িমারিতে পৌছাতো।

লালমনিরহাট রেল বিভাগের গুরুত্বপূর্ন ৬৪নাম্বার ট্রেনটি প্রতিদিন সকাল ৫ʼ৫৫মিনিটে পার্বতীপুর থেকে ছেড়ে রংপুর হয়ে সকাল ৭ʼ৫০মিনিট লালমনিরহাট এসে পৌছাতো,এবং লালমনিরহাট থেকে সকাল ৮টার মধ্যে ছেড়ে আদিতমারি, কালিগঞ্জ,হাতিবান্ধা, পাটগ্রাম ও বুড়িমারি পৌছাতো সকাল দশটার মধ্যে।এই ট্রেনটিতে শত শত চাকুরিজীবী,বিভিন্ন মার্কেটিং কোম্পানির সেলস সার্ভিস হোল্ডার ও ভারত গামী যাত্রীরা যাতায়াত করতেন। সকাল১১ʼ২০মিঃ নাগাদ বুড়িমারি থেকে ৬৫নং ট্রেনটি ছেড়ে আসত লালমনিরহাট,কাউনিয়া,রংপুর,বদরগঞ্জ,হয়ে
পার্বতীপুর পৌছতো যাত্রী নিয়ে।বর্তমানে এই ট্রেনগুলো বন্ধ থাকায় লালমনিরহাট রংপুর জেলার দশটি উপজেলার মানুষ চরম ভোগান্তিতে রয়েছেন।

পার্বতীপুর থেকে সকাল দশটা নাগাদ ডেমু ট্রেন ছেড়ে এসে বিভাগীয় শহড় রংপুর হয়ে বেলা ১২টা নাগাদ লালমনিরহাট এসে পৌছত।বিরতি দিয়ে দুপুর ১২ʼ২০মিঃ নাগাদ লালমনিরহাট থেকে যাত্রী নিয়ে পুনরায় পার্বতীপুর উদ্দেশ্যে যাত্রা করতো।

লালমনিরহাট রেল বিভাগের এই ট্রেনগুলো বন্ধ থাকায় যোগাযোগ ব্যাবস্থা ভেঙ্গে পড়েছে। লালমনিরহাট জেলার পাঁচটি উপজেলার হাজার হাজার মানুষের যাতায়াত ব্যাবস্থা স্বাভাবিক করতে লালমনিরহাট রেল বিভাগের আওতায় সকল ট্রেন চালুর দাবী উঠেছে সর্বত্র।