মোরেলগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবক নিহত

মোঃমাসুদ পারভেজ, বাগেরহাট জেলা প্রতিনিধিঃ
বাগেরহাটের মোরেলগঞ্জ থানার সামনে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জুবায়ের আল মাহমুদ (১৯) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে মোরেলগঞ্জ-শরণখোলা আঞ্চলিক মহাসড়কের মোড়েলগঞ্জ থানার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জুবায়ের মোরেলগঞ্জের পঞ্চকরণ ইউনিয়নের পাঁচগাঁও গ্রামের হোমিও চিকিৎসক বেলায়েত হোসেন তালুকদারের ছেলে। তিনি বাগেরহাট সরকারি পিসি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। সে একটি মোবাইল বায়ার এন্ড সেলার প্রতিষ্ঠানের এজেন্ট হিসেবেও কাজ করতো।
স্থানীয় সূত্র জানায়, দুর্ঘটনায় গুরুতর আহতাবস্থায় জুবায়েরকে উদ্ধার করে পার্শ্ববর্তী একটি বেসরকারি ক্লিনিকে নিলে সেখানে তার মৃত্যু হয়।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, দুর্ঘটনায় যুবকের মৃত্যু হয়েছে। সুরতহাল প্রতিবেদন করে ও আইনগত পদক্ষেপ নেওয়ার পর নিয়ম মত মরদেহ হস্তান্তর করা হবে।
