সান্তাহারে ভ্রাম্যমান আদালতে ১জনের জেল ও ৮ জনের জরিমানা

আহসান হাবিব শিমুল,আদমদীঘি(বগুড়া) প্রতিনিধি ।।
করোনার দ্বিতীয় ধাক্কা সামলাতে সরকার দেশের প্রতিটি নাগরিককে স্বাস্থ্য সচেতনতার অংশ হিসাবে মাস্ক ব্যাবহারের নির্দেশনা প্রদান করেছে। কিন্তু আদমদীঘি উপজেলায় উপজেলা প্রশাসন বার বার ভ্রাম্যমান আদালত পরিচালনা করলেও সাধারণ মানুষ সচেতন হচ্ছে না।
এরই প্রেক্ষিতে মঙ্গলবার(২৪ নভেম্বর) সান্তাহারে সরকারি নির্দেশনা অমান্য করে মাস্ক না পড়ায় ও সামাজিক দূরত্ব না মানায় ৮ জনকে ১৬০০ টাকা জরিমানা ও ১ জনকে ৩ দিনের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। এদিন দুপুরে সান্তাহার রেলগেট এলাকায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে এই রায় দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) মাহবুবা হক।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, করোনার প্রকোপ মোকাবেলায় স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি সর্বসাধারণের মাস্ক পরিধান নিশ্চিত করতে সান্তাহার পৌর শহরের রেলগেট এলাকায় অভিযান চলাকালে মাস্ক না পড়ার অপরাধের পাশাপাশি বাজে ব্যবহার ও প্রভাব খাটানোর চেষ্টা করায় ভ্রাম্যমান আদালত আদমদীঘি উপজেলার বিহিগ্রামের তবিবর রহমানের ছেলে আব্দুল গণিকে (৩৫) তিন দিনের কারাদন্ড দিয়েছে। এ সময় মাস্ক না পড়ার অপরাধে আরো ৮ জন পথচারী ও মোটরসাইকেল আরোহীকে ১৬০০ টাকা জরিমানা করা হয়।
