রেশন কার্ডের প্রলোভন দেখিয়ে মাকে বসিয়ে রেখে স্কুলছাত্রীকে ধর্ষণ,ধর্ষক গ্রেফতার

বরিশাল সংবাদদাতা ।।
সরকারি রেশন কার্ডের জন্য ডেকে নিয়ে মাকে বসিয়ে রেখে বরিশালের আগৈলঝাড়ায় স্কুল কমিটির সভাপতি কর্তৃক ৫ম শ্রেণির ছাত্রী ধর্ষণের দায়েরকৃত মামলায় ধর্ষক সভাপতি মাসুদ মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ। ধর্ষিতাকে জবানবন্দি ও ডাক্তারী পরীক্ষার জন্য প্রেরণ করেছে পুলিশ।
সোমবার(৩০ নভেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। মাসুদ উপজেলার গৈলা ইউনিয়নের পূর্ব সুজনকাঠী গ্রামের মৃত মোছলেম আলী মোল্লার ছেলে এবং সুজনকাঠী মজিদবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি।মাসুদ এক ছেলে নিয়ে বাড়ি থাকলেও তার স্ত্রী রয়েছেন ইতালি।
আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম মামলার অভিযোগের বরাত দিয়ে বলেন, মাসুদ রেশন কার্ড করে দেওয়ার কথা বলে তার বাড়ি যেতে বলেন ওই দরিদ্র ছাত্রীর মাকে। মা তার পঞ্চম শ্রেণি পড়ুয়া মেয়েকে নিয়ে গত বুধবার(২৬ নভেম্বর) রাতে মাসুদের বাড়ি যান। মায়ের সাথে কথাবার্তা শেষে তার মেয়েরে সাথে আলাদা কথা আছে বলে মা’কে বসিয়ে রেখে মাসুদ ছাত্রীকে নিয়ে তার নিজ শয়ন কক্ষে নিয়ে জোর পূর্বক ধর্ষণ করে ঘটনা কাউকে না বলার জন্য বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে তাদের বাড়ি যেতে বলে।
ধর্ষকের হুমকি ধামকির কারণে শিক্ষার্থী ওই রাতে ধর্ষণের ঘটনা কাউকে না জানালেও পর দিন ২৭ নভেম্বর ধর্ষণের ঘটনা তার মা’কে খুলে বলে। মেয়ের মুখ থেকে ধর্ষণের ঘটনা জেনে শিক্ষার্থীর মা বাদী হয়ে রবিবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে ধর্ষক মাসুদ মোল্লাকে (৪০) আসামী করে আগৈলঝাড়া থানায় মামলা করেন, নং-১৯ (৩০.১১.২০)।
মামলা দায়েরের পর ওই রাতেই মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মনিরুজ্জামান অভিযান চালিয়ে ধর্ষক মাসুদ মোল্লাকে নিজ এলাকা থেকে গ্রেফতার করেন।
সোমবার সকালে ধর্ষক মাসুদ মোল্লাকে বরিশাল আদালতে পাঠানো হয়। একই সময় ধর্ষিতাকে ডাক্তারি পরীক্ষার জন্য শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ও জবানবন্দির জন্য আদালতে পাঠানো হয়।
