অভাবের তাড়নায় ফটিকছড়িতে গৃহবধুর আত্নহত্যা

সাজ্জাদ হোসেন চৌধুরী,চট্টগ্রাম প্রতিনিধি ।।
ফটিকছড়িতে অভাবের তাড়নায় গীতা রাণী তিলক (৩৫) নামের এক গৃহবধু গলায় ফাঁস লাগিয়ে আত্নহত্যা করেছে।
উপজেলার খিরাম ইউপির ৫নং ওয়ার্ডস্থ বণিক পাড়ায় সোমবার (৩০ নভেম্বর) রাত সাড়ে ৮টা থেকে পরদিন সকাল ৭টার মধ্যে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।গীতা রাণী বণিক পাড়ার কাজল তিলক এর স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, গীতা রাণীর দুই কন্যা সন্তান। বড় মেয়েকে গত ৫মাস আগে ধারদেনা করে বিয়ে দেন। বিয়ের পর গীতা রাণীর স্বামী কাজল তিলক ধারদেনার সব চাপ তার স্ত্রী গীতা রাণীর উপর তুলে দিয়ে তিনি বাড়ি ছেড়ে নিরুদ্দেশ হয়ে যায়। এর আগেও তিনি কয়েকবছর পর পর বাড়ি আসতো এবং জানা যায় তিনি আরেকটি বিয়েও করেন। গত ৪মাস ধরে অনেক খোঁজ নেওয়ার পরেও গীতা রাণীর স্বামীর কোন সন্ধান পাওয়া যায়নি। কোন উপায় না পেয়ে গীতা রাণী খাগড়াছড়ি ভূবন পাড়ায় একটি পরিবারে ঘরের যাবতীয় কাজ করতো এবং তার ছোট মেয়েকে বড় মেয়ের শশুর বাড়িতে থাকতে দিয়ে দেয়।
গত সোমবার কয়েকমাস পর গীতা রাণী তার শশুর বাড়িতে আসে৷ আসার পরে তার ঘরে রান্না না হওয়াতে দুপুর এবং রাতে পাশের প্রতিবেশীরা তাকে ডেকে নিয়ে খাবার দেয়। রাত সাড়ে ৮টার পর গীতা রাণী নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়, সকালে অনেক ডাকার পরও রুমের ভিতর থেকে কোন সাড়া না পাওয়ায় দরজা ধাক্কা দিয়ে দেখতে পান গীতা রাণী গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেছেন।
এ ব্যাপারে ফটিকছড়ি থানার এস.আই মো. দেলোয়ার হোসেন বলেন, আত্নহত্যার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করি। গীতা রাণীর স্বামীর সাথে ফোনে অনেক চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি। লাশ তাদের পরিবারকে বুঝিয়ে দিয়েছি।