সরকারের উন্নয়ন দেখে একটি মহল ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে : ওবায়দুল কাদের

অনলাইন ডেস্ক ।।

 আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন,বর্তমান সরকারের ঈর্ষণীয় উন্নয়ন দেখে একটি মহল দেশবিরোধী বিভিন্নমুখী ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।

শুক্রবার(৪ ডিসেম্বর) ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটি আয়োজিত সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে মাস্ক বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। সংসদ ভবন এলাকায় সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে সংযুক্ত হন তিনি।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘সারাদেশে আজ যে ঈর্ষণীয় উন্নয়ন হয়েছে তাতে প্রতিপক্ষ কোনো ধরনের ধন্যবাদ জানায়নি, উল্টো তারা সমালোচনা করেই যাচ্ছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ও আওয়ামী লীগ উন্নয়ন এবং সততা দিয়েই দেশের জনগণের মন জয় করে নিয়েছে। আর এতেই বিএনপির সহ্য হয় না। তাই তারা দেশবিরোধী বিভিন্নমুখী ষড়যন্ত্র চালাচ্ছে।’

এ সময় ধানমন্ডিতে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা এবং উপদপ্তর সম্পাদক সায়েম খানসহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।