বশেমুরবিপ্রবির কাঙ্খিত মেইন গেটের কাজ শুরু হচ্ছে শীঘ্রই

রিফাত ইসলাম,বশেমুরবিপ্রবি প্রতিনিধি:

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) মেইন গেটের নির্মানকাজ শুরু হতে যাচ্ছে প্রকল্প পাস হওয়ার প্রায় ৭ বছর পর। মেইন গেটের নির্মাণের দায়িত্বে থাকা মো. নূর আলী মোল্লা বিষয়টি নিশ্চিত করেন।

তিনি সাংবাদিকদের বলেন, “ মেইন গেটের ডিজাইনসহ বেশ কিছু বিষয় নিয়ে জটিলতা ছিলো, তবে সকল জটিলতার সমাধান সম্ভব হয়েছে। খুব শীঘ্রই আমরা গেটের নির্মাণকাজ শুরু করতে যাচ্ছি”।

গেটের কাজ কবে অবধি শেষ হতে পারে, এমন প্রশ্নের জবাবে তিনি জানান, “নির্মাণ কাজ শুরুর ছয় মাসের মধ্যে তারা কাজটি সম্পন্ন করার চেষ্টা করবেন।”

এদিকে অবশেষে গেটের নির্মাণকাজ শুরু হওয়ায় আনন্দিত শিক্ষার্থীরাও। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইজাজুর রহমান বলেন, “বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক একটা বিশ্ববিদ্যালয়ের জন্য ‘সিম্বলিক’ একটা নিদর্শন। প্রতিটি বিশ্ববিদ্যালয়ের নিজস্বতা ও স্বকীয়তা বহন করে এটি। আশা করি গেটের নির্মাণকাজ কোন জটিলতা ছাড়া দ্রুত সম্পন্ন হবে”।

উল্লেখ্য, ২০১৪ সালের জানুয়ারিতে শুরু হওয়া ২ বছর মেয়াদি বশেমুরবিপ্রবি অধিকতর উন্নয়ন প্রকল্পের অধীনে বশেমুরবিপ্রবির মেইন গেট নির্মাণ হওয়ার কথা ছিলো। তবে জনবল সংকটসহ বিভিন্ন কারণে প্রকল্পটির মেয়াদ একাধিকবার বৃদ্ধি করা হয়। ২৫০ কোটি টাকার এ প্রকল্পে মেইন গেট ও সাব গেট নির্মাণের জন্য বরাদ্দ রয়েছে ১ কোটি ৫ লাখ টাকা।