পটুয়াখালী প্রতিনিধি ।।
পটুয়াখালীর কলাপাড়ায় দশম শ্রেণীর এক শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আবুল হোসেন (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ শুক্রবার (১২ মার্চ) গ্রেপ্তারের পর আদালতে হাজির করা হলে তাকে জেল-হাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. আসাদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার রাতে ওই শিক্ষার্থী দোকানে যাচ্ছিলেন। পথিমধ্যে আবুল হোসেন, রবিউল চৌকিদার ও জাহিদুল তাকে আটকে ধর্ষণের চেষ্টা করেন। সেসময় তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্তরা পালিয়ে যান।
এ ঘটনায় আজ শুক্রবার সকালে ভুক্তভোগী বাদী হয়ে তিন জনের নাম উল্লেখ করে কলাপাড়া থানায় নারী শিশু নির্যাতন আইনে মামলা করলে পুলিশ আবুল হোসেনকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে।
ওসি আসাদুর রহমান আরও জানান, অভিযোগের ভিত্তিতে একজনকে আটক করা হয়েছে। বাকি আসামীদের গ্রেফতারে চেষ্টা অব্যাহত রয়েছে।