লক্ষ্মীপুরে জজ কোর্টের ৫ তলার ছাদ থেকে লাফিয়ে যুবকের আত্মহত্যা

লক্ষ্মীপুর প্রতিনিধি ।।
ভাইয়ের সাথে অভিমান করে সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) ১ মিনিট ৪৬ সেকেন্ডের ভিডিও বার্তার পর লক্ষ্মীপুর জেলা জজ আদালত ভবনের ৫ম তলার ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছে রাকিব হোসেন রোমান নামের এক যুবক।
২৪ মার্চ বুধবার দুপুর সাড়ে ১২ টায় এ ঘটনা ঘটে। এসময় আদালত প্রাঙ্গণের শতশত উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় জমান। পরে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালে নেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, লক্ষ্মীপুর জজকোর্ট প্রাঙ্গণে সবাই যখন নিজ নিজ কর্মে ব্যস্ত রয়েছেন ঠিক তখনি একটি শব্দ শুনতে পান আশেপাশের লোকজন। এসময় দেখতে পান একজন যুবক মাটিতে পড়ে আছে।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত রাকিব লক্ষ্মীপুর পৌর শহরের মজুপুর এলাকার বাসিন্দা নুরুল ইসলামের ছেলে। সে শহরের মটকা মসজিদ এলাকায় তার বড় ভাইয়ের সাথে যৌথ (ভাঙ্গারী) ব্যবসা করতেন বলে জানা যায়। এদিকে খবর পেয়ে হাসপাতালে ছুটে এসে কান্নায় ভেঙ্গে পড়েন পরিবারের লোকজন।
তার বড় ভাই সোহেল গণমাধ্যমকর্মীদের জানান, সকালে রাকিবকে পারিবারিক বিষয় নিয়ে বকাঝকা করা হয়। পরে সে দোকান থেকে অভিমান করে বের হয়ে আসে। এরপর তার মৃত্যু সংবাদ শুনতে পান বলে জানান তিনি।
এদিকে এ ঘটনার আধা ঘণ্টা আগে নিজের ফেসবুক আইডিতে (রাকিব হোসেন রোমান) ১ মিনিট ৪৬ সেকেন্ডের একটি ভিডিও বার্তা দেন রাকিব। ভিডিওতে তার এ মৃত্যুর জন্য কেউ দায়ী নন উল্লেখ করে অনেক ভুল করেছেন জানিয়ে মা-বাবার কাছে ক্ষমা চান। তার একাউন্টে ৭৫ হাজার টাকা আর এটিএম কার্ডের পিন কোড নাম্বার বলে দিয়ে সুমাইয়া নামের একটি মেয়েকে বিয়ে আর তার জীবন নষ্ট করার কথাও জানান ভিডিও বার্তায়।
এ ব্যাপারে কোর্ট পুলিশের পরিদর্শক কিশোর কুমার জানান, ৫ তলা থেকে লাফ দিয়ে এক যুবক আত্মহত্যা করেছেন। তার মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসীম উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ঘটনার রহস্য উদঘাটন ও পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
