রোহিঙ্গাদের পরিস্থিতি পরিদর্শনে আজ ভাসানচর যাচ্ছেন পশ্চিমা কূটনীতিকরা

অনলাইন ডেস্ক ।।

কক্সবাজারের রোহিঙ্গা শিবির থেকে স্থানান্তর করা রোহিঙ্গাদের রোহিঙ্গাদের পরিস্থিতি পর্যবেক্ষণে আজ শনিবার (৩ এপ্রিল) নোয়াখালী জেলার হাতিয়ার ভাসানচরে যাচ্ছেন বাংলাদেশে দায়িত্বরত কয়েকটি পশ্চিমা দেশের কূটনীতিকরা।

বৃহস্পতিবার ঢাকায় কানাডীয় হাইকমিশন থেকে পাঠানো এক যৌথ বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশ সরকারের আমন্ত্রণে কানাডা, অস্ট্রেলিয়া, ইউরোপীয় ইউনিয়ন, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য মিশনের কূটনৈতিক প্রধানরা ভাসানচর পরিদর্শন করবেন। গত ১৭ থেকে ২০ মার্চ জাতিসংঘ দলের সফরের পর আবাসিক কূটনৈতিক দূতদের এই সফর অনুষ্ঠিত হচ্ছে।

ভাসানচরে এটিই হতে যাচ্ছে তাদের প্রথম সফর।এখানে তারা রোহিঙ্গাদের সঙ্গে সরাসরি কথা বলবেন এবং দেখবেন দ্বীপটিতে রোহিঙ্গাদের জন্য কি ধরনের সুযোগ সুবিধা রয়েছে। এর আগে গত মাসে জাতিসংঘের প্রতিনিধি দল ভাসানচর পরিদর্শনে যান। তারও আগে ওআইসিভুক্ত দেশগুলোর প্রতিনিধিরা ভাসানচর পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন।

রোহিঙ্গা সংকটে সহায়তাকারী কয়েকটি দেশের মিশন প্রধানরা তাদের এই সফরে ভাসানচরের রোহিঙ্গাদের সঙ্গে সাক্ষাতের সুযোগ পাবেন। সফরের সময় বাংলাদেশ সরকারের নির্দেশনা অনুযায়ী কোভিড-১৯ বিধি-নিষেধ অনুসরণ করা হবে।

বিবৃতিতে আরো বলা হয়েছে, ভাসানচরে রোহিঙ্গাদের সুযোগ-সুবিধা পর্যবেক্ষণ করবেন তারা। একই সঙ্গে এ বিষয়ে সরকারের সঙ্গে সংলাপ অব্যাহত রাখতে আগ্রহী কূটনীতিকরা। এছাড়াও বাংলাদেশ সরকারের সঙ্গে জাতিসংঘের আলোচনা অব্যাহত রাখাও প্রয়োজন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, ভাসানচরে রোহিঙ্গাদের জন্য আধুনিক আবাসন ব্যবস্থাসহ যে বিপুল সুযোগ সুবিধা তৈরি করা হয়েছে, তা দেখাতেই পশ্চিমা দেশের কূটনীতিকদের জন্য এ সফরের আয়োজন করা হয়েছে।