টমটম চালককে মারধর করায় মোংলায় এক চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে থানায় অভিযোগ

মোঃমাসুদ পারভেজ, বাগেরহাট জেলা প্রতিনিধিঃ
ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্ধীতায় চেয়ারম্যান হওয়াকে কেন্দ্র করে বাগেরহাটের মোংলায় টমটম চালককে মারধর করার অভিযোগ উঠেছে এক চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে।
এ ঘটনায় মোংলা উপজেলার সুন্দরবন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী একরাম ইজারাদারের বিরুদ্ধে থানায় অভিযোগ হয়েছে।
টমটম চালক নজরুল শেখ মামলা রুজু করার জন্য শনিবার(৩ এপ্রিল) থানায় এ অভিযোগ করেন।
শুক্রবার (২ এপ্রিল) রাতে স্থানীয় উপজেলার চটেরহাট বাজারে নজরুলকে বিনা প্রতিদ্বন্ধিতায় চেয়ারম্যান হওয়া একরাম ইজারাদার বেধড়ক মারপিট করে।
মোংলা থানার অফিসার ইনচার্জ মোঃ ইকবাল বাহার চৌধুরী জানান, একরাম ইজারাদারের বিরুদ্ধে একটা অভিযোগ পেয়েছি, তদন্ত করে এর ব্যবস্থা নেওয়া হবে।
থানায় দায়ের হওয়া অভিযোগ থেকে জানা যায়, শুক্রবার রাতে বাঁশতলা বাজারে এক চায়ের দোকানে বসে টমটম চালক নজরুল অন্যদের সাথে স্থগিত হওয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে আলোচনা করছিলেন। এ সময় সুন্দরবন ইউনিয়নে বিনা প্রতিদ্বন্ধীতায় চেয়ারম্যান হওয়া একরাম ইজারাদারের এখন কি হবে (এখনও তো চেয়ারম্যানের গেজেট হয়নি, নিবার্চনও স্থগিত) এসব বলে আলোচনা করেন নজরুল। তবে বিনা ভোটের চেয়ারম্যান সম্পর্কে কেন এ সব আলোচনা? তা মেনে নিতে পারেনি একরাম ইজারাদার। তাই ওই টমটম চালক নজরুলকে খবর দিয়ে ওই দিন রাতে চটেরহাট বাজারে ডেকে নিয়ে তিনি বেধড়ক মারপিট করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।
এ বিষয়ে জানতে একরাম ইজারাদারকে ফোন করা হলে তিন ফোন রিসিভ করেননি।
এদিকে টমটম চালককে মারধরের ঘটনায় বিচারের দাবিতে শনিবার বাঁশতলা বাজারে বিক্ষোভ প্রদর্শন করেছে স্থানীয়রা। এ সময় তারা একরামের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দেন এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণেও জোর দাবী জানান।
