লক্ষ্মীপুরে খোয়া সাগর দীঘির পাড়ে গার্ডওয়াল নির্মাণে অনিয়মের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক ।।

লক্ষ্মীপুর জেলার লক্ষ্মীপুর- রায়পুর মহাসড়কের দালাল বাজার খোয়া সাগর দীঘি সংলগ্ন ৫২লাখ টাকার গার্ডওয়াল নির্মাণ দিনে না করে রাতের অন্ধকারে করায় জনগণের মধ্যে সন্দেহের উৎপত্তি হয়। যার কারনে পুকুর চুরির অভিযোগ উঠেছে।

এলাকাবাসীর অভিযোগ সড়ক ও জনপদ বিভাগের প্রকৌশলীর যোগ সাজশে ঠিকাদার গার্ডওয়ালে ১ নং ইটের পরিবর্তে নিম্নমানের ইট ব্যবহার, ৬ ইঞ্চি সিসিতে মাত্র তিন ইঞ্চি সিসি দেয়া, বালুর সাথে সিমেন্ট কম দিয়ে গার্ডওয়াল নির্মাণ করা হচ্ছে।

জানা গেছে, সড়ক ও জনপদ বিভাগের একটি প্যাকেজের অর্ন্তভুক্ত ৪৮ ইঞ্চি প্রস্থ, ৩ মিটার উচ্চতায় এবং ৫০০ মিটার দৈর্ঘ্য বিশিষ্ট গার্ডওয়াল নির্মাণের কাজ পায় মেসার্স আমিনুল হক ঠিকাদারী প্রতিষ্ঠান। তার নিয়োজিত সাইড মিস্ত্রি কবির হোসেন সিডিউল বহির্ভুতভাবে সিসি ঢালাই কম দিয়েই ইটের গাথুনি তুলে ফেলেন।

এলাবাসীর অভিযোগে সড়ক ও জনপদের উপসহকারী প্রকৌশলী মোজাম্মেল হক ১৪ এপ্রিল বুধবার নিম্মমানের কাজের সত্যতা পেয়ে তাৎক্ষণিক কাজ বন্ধ করে দেন এবং উপস্থিত শ্রমিকদেরকে বলেন ৬ ইঞ্চি সিসি সম্পূর্ণ করে গাথুনি করার জন্য কিন্তু কর্মরত শ্রমিকরা সহকারী প্রকৌশলী মোজাম্মেল হকের নির্দেশনা অমান্য করে গার্ডওয়ালের গাথুনি নির্মাণের কাজ শুরু করে।

গণমাধ্যম কর্মীরা সরেজমিনে গেলে এলাকার বাসিন্দা নুরুল হুদা, সুজন রহমান, আমির হোসেন, রফিক হোসেন সহ প্রমুখ অভিযোগ করেন। গার্ডওয়ালের নির্মাণ কাজের শুরুতেই ঠিকাদারের লোকজন অনিয়ম শুরু করে। নিচে সিসি ঢালাই নাম মাত্র দিয়ে নিম্মমানের ইট ও বালু দিয়ে গাথুনি করে কিন্তু এখন ঠিকাদারের মিস্ত্রিরা নামমাত্র সিমেন্ট দিয়ে কাজ করছে। এতে দেয়ালটি বেশিদিন টেকসই হবে না। কিছু দিনের মধ্যে গার্ডওয়ালটি পাশের পুকুরে মূখ থুবড়ে পড়ার আশংকা রয়েছে।

লক্ষীপুর সড়ক ও জনপদের প্রধান নির্বাহী প্রকৌশলী সুব্রত দত্ত জানান গার্ডওয়াল নির্মাণের অভিযোগ এসেছে আমি সরেজমিনে গিয়ে পরিদর্শন করব এবং সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে জানতে চাইলে লক্ষ্মীপুর জেলা প্রশাসক মোঃ আনোয়ার হোসেন আকন্দ জানান, গার্ডওয়াল নির্মাণে যে অনিয়মের অভিযোগ উঠেছে বিষয়টি সরজমিনে তদন্ত করে গুরুত্বের সহিত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।