আদমদীঘিতে ভ্যান চালকের লাশ উদ্ধার

আহসান হাবিব শিমুল,আদমদীঘি (বগুড়া ) প্রতিনিধি ।।
বগুড়ার আদমদীঘি উপজেলায় হাত-পা বাধা ও গলায় ফাঁস লাগানো অবস্থায় এক চার্জার ভ্যান চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৪ জুন ) বেলা ১১ টার দিকে উপজেলার নশরতপুর ইউনিয়নের ধনতলা গ্রামের পাশের ব্রীজ সংলগ্ন মাঠ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, নওগাঁ জেলার রাণীনগর উপজেলার বেলতা গ্রামের সেকেন্দার ফকিরের ছেলে চার্জার ভ্যান চালক শামিম ফকির (৩২) কয়েক দিনে পূর্বে নতুন ভ্যান কিনে নিজেই চালাতো। বুধবার দুপুরে বাড়ী থেকে খাবার খেয়ে ওই ভ্যান নিয়ে বের হয়ে সে আর বাড়ি ফেরেনি। পরদিন বৃহস্পতিবার সকালে পথচারীরা মাঠে তার লাশ দেখতে পায়। তবে তার ভ্যান ও মোবাইল ফোন পাওয়া যায়নি।
খবর পেয়ে পুলিশ ওই ভ্যান চালকের লাশ উদ্ধার করে। এসময় তার পকেট থেকে কিছু টাকা ও কাগজপত্র পাওয়া যায়। থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।