প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেয়া বশেমুরবিপ্রবি শিক্ষার্থী বহিষ্কার

রিফাত ইসলাম, বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ

ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মেরে ফেলার হুমকি দেওয়ায় গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) এক শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। হুমকি দাতা ঐ শিক্ষার্থী মো: ফয়সাল আহম্মেদ মীনা রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ১০১৮-১৯ সেশনের অনিয়মিত শিক্ষার্থী।

বৃহস্পতিবার (২৪ জুন ) রেজিস্ট্রার মোঃ আব্দুর রউফের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তার সাময়িক বহিষ্কারের কথা জানানো হয়। উক্ত বিজ্ঞপ্তিতে তার বিগত সেমিস্টার গুলোতে অকৃতকার্যতার কথা জানিয়ে রাষ্ট্র বিরোধী ও বিশ্ববিদ্যালয়ের আইন শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপের দায়ে এ আদেশ প্রদান করা হয়।

এর আগে গতকাল ১৬ জুন তারিখে ফয়সালের ফেসবুক আইডি থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মেরে ফেলার হুমকি দেয়। পরে এই ঘটনার প্রেক্ষিতে গোপালগঞ্জ সদর উপজেলা যুবলীগের সহ সভাপতি মো. মাসুদ রানা বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় ওই যুবকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেন।

এ বিষয়ে জানতে চাইলে গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) নিহাদ আদনান তাইয়ান বলেন , ফয়সাল আহম্মেদ মীনার ফেসবুকে এ ঘটনার সত্যাতা পেয়েছে পুলিশ। তার মোবাইল জব্দ করা হয়েছে। গ্রেপ্তার করে দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

উল্লেখ্য, ফয়সাল গোপালগঞ্জ সদর উপজেলার নিজড়া ইউনিয়নের জাঙ্গাল বাজার এলাকার আলমগীর মিনার ছেলে ।