দুমকি উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে টিকাদানে অনিয়মের অভিযোগ

দুমকি পটুয়াখালীঃ
পটুয়াখালীর দুমকি উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে করোনার গণটিকা দানে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মীর শহিদুল ইসলাম শাহীন এর বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে। তার ছত্রছায়ায় স্বাস্থ্য কেন্দ্রের কয়েকজন কর্মী টিকা দানে অনিয়মকে নিয়মে পরিণত করেছে এমন অভিযোগ পাওয়া গেছে।
টিকাকেন্দ্রে গতকাল সকাল নয়টায় গিয়ে দেখা যায়,শতাধিক নারী-পুরুষ লাইন ধরে টিকার জন্য অপেক্ষা করছেন।তাঁদের মধ্যে ১০/১৫ জনের সঙ্গে কথা হয়। তাঁরা সবাই বলেন,এর আগেও টিকার জন্য এসেছিলেন,কিন্তু টিকা না পেয়ে ফিরে যেতে হয়েছে।
সকাল ১০টার দিকে ওই কেন্দ্র থেকে টিকা নিয়ে বের হন এক নারী।তিনি বলেন,তৃতীয় দিনের মাথায় আজকে টিকা পেয়েছেন। কিন্তু অনেকেই এসে দুই মিনিটের ভিতরে টিকা দিয়ে চলে যাচ্ছে।
সোবাহান মৃধা নামের আরেকজন বলেন,তিনি বেলা সাড়ে ১১টার দিকে টিকা পেয়েছেন।তাঁর সিরিয়াল নম্বর ছিল ৫,কিন্তু টিকা পেয়েছেন ৩১নম্বরে।তিনি বলেন, ‘অনেক অনিয়ম করে এরা।
ভুক্তভোগী ব্যক্তিদের এসব অভিযোগের সত্যতাও পাওয়া যায়। সরেজমিন দেখা যায়, সকাল সাড়ে নয়টার দিকে স্বাস্থ্য কর্মীরা টিকাকেন্দ্রে আসেন। তারপর একে একে নিজেদের প্রায় ১৫/২০ জনকে টিকা দেন। কিন্তু লাইনে দাঁড়ানো লোকজন থেকে কাউকে ডাকাই হয়নি। অনেকে আবার দশমিনিট আগে রেজিস্ট্রেশন করে এসেই টিকা দিয়ে চলে যাচ্ছে তাদেরকে লাইনেও দাঁড়াতে হয়না।অথচ হাসপাতাল থেকে বলা হচ্ছে মোবাইলে এসএমএস না গেলে কাউকে টিকা দেয়া হবেনা,কিন্তু তারা এসব নিয়মনীতি ভেঙে পরিচিতজনদের টিকা দিচ্ছেন,অন্যদিকে এক সপ্তাহ আগে রেজিস্ট্রেশন করেও অনেকে এসএমএস পাচ্ছে না,আবার যারা এসএমএস পাচ্ছে তাদেরকে লাইনে ঘণ্টারপর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে।অপরদিকে হাসপাতালের ডাক্তার,নার্স এবং কর্মচারীদের পরিচিত জনেরা টিকা নিচ্ছে ভিআইপি স্টাইলে।
লাইনের বাইরের লোকজনকে আগে টিকা দেওয়ায় অনেকে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও টিকা পাচ্ছেন না।
হাসপাতালের পরিচিত জনেরা লাইনে দাঁড়ানো ছাড়াই টিকাকেন্দ্রে প্রবেশ করে টিকা নিচ্ছে,অনেকে ১০মিনিট আগে রেজিস্ট্রেশন করে এসেই টিকা নিচ্ছে।
এসব বিষয়ে জানতে চাইলে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মীর শহিদুল ইসলাম শাহীন বলেন আপনারা নিউজ করে দেন এসব বিষয়ে আমার কিছু বলার নাই।
জেলা সিভিল সার্জন কর্মকর্তা মোহাঃ জাহাঙ্গীর আলমকে দুমকি স্বাস্থ্য কেন্দ্রে টিকাদানে অনিয়মের অভিযোগ সম্পর্কে অবহিত করলে তিনি বলেন, এমন অনিয়ম হওয়ার কথা নয়,আমি দুমকি স্বাস্থ্য কেন্দ্রে খোঁজখবর নিচ্ছি কেউ অনিয়ম করলে ব্যবস্থা নেয়া হবে।