সোনাইমুড়ীতে তালাকপ্রাপ্তা স্ত্রীকে স্বামী কর্তৃক অপহরণের অভিযোগ

খোরশেদ আলম শিকদার,নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর সোনাইমুড়ীতে তালাকপ্রাপ্তা স্ত্রীকে ভাড়াটে সন্ত্রাসী দিয়ে স্বামী রাশেদুল ইসলাম কর্তৃক অপহরণ করে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।
এ বিষয়ে শনিবার রাতে অপহৃতার বাবা আবুল কালাম বাদী হয়ে সোনাইমুড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
বাদী ও তার অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার জয়াগ ইউপির মাহুতলা আইয়ুব উল্যার নতুন বাড়ীর মৃত আইয়ুব উল্যাহর ছেলে মাওলানা রাশেদুল ইসলাম বিগত ২৬ জানুয়ারি ২০১৮ইং সালে একই ইউপির ভাওরকোট হাজী বাড়ীর আবুল কালাম এর কন্যা ফাতেমা আক্তারের সাথে ইসলামী শরীয়া মোতাবেক বিবাহ হয়। বিবাহের পর তাদের ঘরে তাহিদুল (৩) ও তাহসিনা (১০মাস) নামে দুইটি সন্তানের জন্ম হয়। এরই মধ্যে রাশেদুল ফাতেমার পরিবারের নিকট একাধিকবার যৌতুক দাবি করে আসছিল। দাবিকৃত যৌতুক না পেয়ে গত ৩ মাস পূর্বে ১ম স্ত্রী ২ সন্তানের জননী ফাতেমাকে রেখে রাশেদুল তার মাদরাসার এক ছাত্রীকে ২য় বিবাহ করে। স্বামীর দ্বিতীয় বিবাহের পর ১ম স্ত্রী ফাতেমা নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে যৌতুক নিরোধ আইনে একটি মামলা দায়ের করেন। ঐ মামলা চলমান থাকা অবস্থায় গত ২ মাস পূর্বে মোহরানা পরিশোধ না করেই কয়েকজন স্বাক্ষীর উপস্থিতিতে মৌখিক ভাবে ফাতেমাকে তালাক দেয়। তালাকের পর গত ১৪ আগস্ট/ ২১ একই উপজেলার নদনা মারকাযুন নূর মহিলা মাদরাসায় শিক্ষিকা হিসেবে চাকরি নেয় ফাতেমা। নিজ পিত্রালয় থেকে আসা যাওয়ার মাধ্যমে শিক্ষিকা হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। বিগত ১৮ সেপ্টেম্বর ২০২১ইং দুপুরে মাদরাসা ছুটির পর ফাতেমার তার ২ সন্তান ও বাবা আবুল কালামসহ সিএনজি যোগে নদনা থেকে নিজ পিত্রালয় জয়াগের ভাওরকোট যাওয়ার পথে পাঁচ বাড়ীয়া পেশকার রোড নামক স্থানে পাকা রাস্তার উপর রাশেদুল ও কতেক ভাড়াটে সন্ত্রাসী গাড়িটির গতিরোধ করে। এসময় রাশেদুল ইসলাম ও সন্ত্রাসীরা ২টি সিএনজি ও ২টি মোটরসাইকেল যোগে এসে বাদী আবুল কালামকে সিএনজি থেকে জোরপূর্বক টানা হেঁচড়া ও মারধর করে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং তার পকেটে থাকা নগদ ৬ হাজার টাকা ছিনিয়ে নিয়ে বলে তিনি অভিযোগে উল্লেখ করেন। পরবর্তীতে ভিকটিম ফাতেমা ও তার দুই সন্তান তাহিদুল ইসলাম (৩) ও তাহসিনা আক্তার (১০ মাস) জোরপূর্বক ইচ্ছার বিরুদ্ধে অপহরণ করে সিএনজি যোগে সোনাইমুড়ীর দিকে নিয়ে যায়। এসময় ফাতেমার বাবা আবুল কালামসহ কয়েকজন পথচারী সিএনজিটি আটকানোর চেষ্টা করে ব্যর্থ হয়।
এই ঘটনায় ভুক্তভোগীর বাবা আবুল কালাম বাদী হয়ে ১৮ সেপ্টেম্বর রাতে সোনাইমুড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
সোনাইমুড়ী থানার ওসি তহিদুল ইসলাম জানান, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
