নোয়াখালীতে ইয়াবা সহ পুলিশ সদস্য গ্রেফতার

খোরশেদ আলম শিকদার, নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীতে ডিবি পুলিশের বিশেষ অভিযানে ২৫৫০ পিস ইয়াবা সহ এক পুলিশ সদস্যকে গ্রেফতার করেছে।গ্রেফতারকৃত শহীদুল ইসলাম (২৬) নোয়াখালীর সদর উপজেলার নোয়াখালী পৌরসভার ৯নং ওয়ার্ডের নারায়ণপুর গ্রামের রুহুল আমিন মেম্বার বাড়ির রুহুল আমিনের ছেলে।

বুধবার (২২ সেপ্টেম্বর) দুপুরে গ্রেফতারকৃত আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নোয়াখালী পৌরসভার জামতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

জেলা পুলিশ প্রশাসন জানায়, গ্রেফতারকৃত শহীদুল ইসলাম কক্সবাজার জেলার মাতার বাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পের পুলিশ ক্যাম্পে কর্মরত পুলিশ কনস্টেবল।

গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নোয়াখালী জেলা গোয়েন্দা  পুলিশ ইয়াবা বিক্রির সময় ৪০০ পিস ইয়াবা সহ তাকে নোয়াখালী পৌরসভার জামতলা এলাকা থেকে হাতে নাতে গ্রেফতার করে। পরবর্তীতে তার দেওয়া তথ্যমতে সদর উপজেলার বিনোদপুর ইউনিয়েনের উত্তর নারায়ণপুর গ্রামের ১টি কবরস্থান থেকে রাত সাড়ে ৮টার দিকে আরও ২ হাজার ১৫০ পিস ইয়াবা উদ্ধার করে। জিজ্ঞাসাবাদে সে নিজেকে কক্সবাজার জেলায় কর্মরত পুলিশের কনস্টেবল হিসেবে স্বীকার করে।