চাটখিলে বাস চাপায় কিশোরের মৃত্যু, আহত-২

খোরশেদ আলম শিকদার, নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর চাটখিল রামগঞ্জ সড়কের এগারো নং পোলের গোড়ায় বাস চাপায় ১ মোটরসাইকেল আরোহী কিশোরের মৃত্যু হয়েছে। এ সময় সাথে থাকা অপর দুই কিশোর গুরুতর আহত হয়।
সোমবার (১১অক্টোবর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী স্হানীয়রা জানায়, রামগঞ্জ থেকে ছেড়ে আসা জননী পরিবহনের একটি বাস (চাঁদপুর জ-১১ – ০০৩) এর সাথে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী ৩ কিশোর আহত হয়। স্হানীয় লোকজন তাৎক্ষণিক তাদের উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পর পরই ফাইমুল হাসান অমিত(১৫)এর মৃত্যু হয়। নিহত অমিত চাটখিল পৌরসভার মির্জাপুর নোয়া বাড়ীর নাসির মিয়ার ছেলে। গুরুতর আহত অপর দুইজন একই গ্রামের হানিফ মিয়ার ছেলে মিলন (১৫)এবং আমির হোসেন এর ছেলে শাওন (১৪)।
স্হানীয়রা জানান, সন্ধ্যা সাতটার দিকে রামগঞ্জ থেকে ছেড়ে আসা জননী পরিবহনের বাসটি বেপরোয়া গতিতে চাটখিলের দিকে আসছিল। এসময় চাটখিল থেকে মোটরসাইকেল আরোহী তিন কিশোর ডাক বাংলার সামনে গেলে জননী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, অমিত একটি ডেকোরেটরের দোকানে শ্রমিক হিসেবে কাজ করতো, ঘটনার দিন তারা তিন বন্ধু একত্রিত হয়ে মির্জাপুরের আনোয়ারের কাছ থেকে ঘন্টা হিসেবে মোটরসাইকেলটি ভাড়া নিয়ে ঘুরতে বের হয়।
এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি, তবে পুলিশ বিষয়টি অবগত হয়ে বাসটি আটকের চেষ্টা চালাচ্ছেন।
