চাটখিলে বিয়ের ৭দিন পর গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

খোরশেদ আলম শিকদার, নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর চাটখিল উপজেলায় রামনারায়ণপুর ইউনিয়নে বিয়ের সাত দিন পর পলি আক্তার (২১) নামে এক নববধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
রবিবার দিবাগত ভোররাতে রুহিতখালী গ্রামের চাঁন মিয়া চৌকিদার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত পলি আক্তার উপজেলার ধর্মপুর গ্রামের মৃত বাবুলের মেয়ে। স্থানীয় সূত্রে জানা যায়, গত ৪ অক্টোবর রুহিত খালী গ্রামের শাহ আলমের (৪২) বিয়ে হয়। সোমবার (১১ অক্টোবর) ভোররাতে পরিবারের সদস্যদের অগোচরে বসতঘরে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেন পলি।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। আত্মহত্যার কারণ এখনো জানা যায়নি। এখন পর্যন্ত নিহতের পরিবার এ ঘটনায় মৌখিক বা লিখিত ভাবে কোনো অভিযোগ করেনি।
ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।
