লক্ষ্মীপুরের ইতিহাসে প্রথম নারী ইউপি চেয়ারম্যান !

রামগঞ্জ প্রতিনিধি: লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার লামচর ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মাহেনারা পারভিন পান্না বিপুল ভোটের ব্যবধানে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। এ প্রথম লক্ষ্মীপুর জেলায় একজন নারী ইউপি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন।

রোববার (১৬এপ্রিল)এ নির্বাচন অনুষ্ঠিত হয়। মাহেনারা পারভিন নৌকা প্রতীকে পেয়েছেন ১০ হাজার ৫শ ৪৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী ফেরদৌসি সুলতানা (ধানের শীষ) ৫শ ২৩ ভোট পেয়েছেন। সন্ধ্যায় ওই ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনের রিটার্নিং অফিসার হারুন অর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে, সকাল ১০টার দিকে কেন্দ্রদখল, জাল ভোট ও এজেন্টদের বের করে দিয়ে প্রকাশ্যে ব্যালট পেপারে সিল মারাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে ভোট বর্জন করেছেন বিএনপির চেয়ারম্যান প্রার্থী ফেরদৌসি সুলতানা। এ সময় পুনর্নির্বাচনের দাবি করেন তিনি।

নির্বাচনের রিটার্নিং অফিসার জানান, সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলে।এ নির্বাচনে  ছয়জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।