লক্ষ্মীপুরে কাজীর উপর হামলা, ৪ লক্ষ টাকা ছিনতাই !

লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুর সদর উপজেলা ২০নং চররমনী মোহন ইউনিয়নের নিকাহ রেজিষ্টার কাজী আবদুজ্জাহের রেদোয়ানের (২৮) এর উপর হামলার ঘটনা ঘটে। এসময় তাকে আহত করে তার সঙ্গে থাকা ৪লক্ষ টাকা ছিনতাই করে নিয়ে যায় বলে অভিযোগ করা হয়।
গত মঙ্গলবার(২৮,নভেম্বর) সকালে কাজী রেদোয়ান মোটরসাইকেল যোগে মজু চৌধুরীর হাট থেকে জব্বার মাষ্টার হাট হয়ে লক্ষ্মীপুর যাওয়ার সময় এ ঘটনা ঘটে।
জানা যায়, জব্বার মাষ্টার হাটের পাশে খোশাল মিয়াজীর গোজ নামক স্থানে ওঁৎ পেতে থাকা শাকচর ইউনিয়নের মৃত মফিজ উল্লার ছেলে মোঃ নিজাম সহ ৪-৫জন সহযোগি তার গতিরোধ করে এবং কিছু বুঝে উঠার আগেই তার উপর হামলা চালায়, এতে সে মারাত্বক ভাবে আহত হয়। এসময় তার সঙ্গে থাকা ৪লক্ষ টাকা নিয়ে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা প্রদান করে। এঘটনায় লক্ষ্মীপুর চীপ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করা হয়।
আহত কাজী রেদোয়ান জানান, আমি মজু চৌধুরীর হাট থেকে একটি জমির বায়না চুক্তির রেজিষ্ট্রেশন করতে লক্ষ্মীপুর যাচ্ছিলাম। এসময় নিজাম সহ ৪-৫জন আমার উপর হামলা চালিয়ে আমার কাছে থাকা ৪লক্ষ টাকা হাতিয়ে নেয় এবং আমাকে মেরে আহত করে। আমি দোষীদের শাস্তির দাবি জানাই।
জেলা কাজী সমিতির সিনিয়র সহ-সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কাজী মাহমুদুল হক নান্নু ও জেলা কাজী সমিতির সভাপতি আবদুর রহমানসহ জেলা কাজী সমিতির নেতৃবৃন্দ কাজী রেদোয়ানের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং তারা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করেন।
