দুমকিতে রাস্তা নির্মান কাজে অনিয়মের অভিযোগ

মো.সুমন মৃধাঃ দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর দুমকি উপজেলার দক্ষিণ রাজাখালী গ্রামে রাজাখালী বেইলি ব্রীজ পূর্ব পাড়ের ঢাল থেকে আশার আলো বেকারি হয়ে গাবতলি বাজার পর্যন্ত প্রায় ১ কিলোমিটার রাস্তা নির্মাণে নিম্নমানের ইট-পোড়ামাটির খোয়া ব্যবহারের অভিযোগ উঠেছে। 
সোমবার (২২ আগষ্ট) সরেজমিন পরিদর্শন কালে দেখা যায়, শ্রমিকদের হাতুড়ির ঠুনকো আঘাতে গুরো হয়ে যাচ্ছে তথাকথিত ইট। রোলার ড্রাইভারের সামান্য রোলিং করার কারনে গুড়া হয়ে পাউডার’র মতো হয়ে যাচ্ছে ইট-পোড়া মাটি। এছাড়াও খালের পাশে পাইলিং করলেও মাটি ভরাট না করার কারণে জোয়ারের পানিতে ভরে গিয়ে এজিন ধসে খোয়া পড়ে যাচ্ছে।
উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা যায় , সড়কটির নির্মাণকাজ পেয়েছে  ‘নজরুল ইসলামী ডেভেলপমেন্ট কনস্ট্রাকশন’ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। তবে মেসার্স   তালুকদার এন্টারপ্রাইজ এর সত্ত্বাধিকারী আঃ হক তালুকদার তার ছেলে ইমরানকে দিয়ে এ রাস্তার কাজ পরিচালনা করছেন।
স্থানীয়রা জানান, সেই ২০২১ সালের রাস্তার কাজ দফায় দফায় বন্ধ হওয়ার পর গত কয়েক দিন ধরে পুনরায় শুরু হয়। সম্প্রতি খুবই নিম্নমানের ইট ও পোড়ামাটির গুঁড়া দিয়ে কাজ করা হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় বাসিন্দা বলেন, আপনারা দেখেন ১ কিঃমিঃ রাস্তার বেশির ভাগই পঁচা ইট দেয়া হয়েছে। যা খুবই নিম্ন মানের এক কথায় এর থেকে চুলোর মাটিও ভালো।
রাস্তা থেকে খোয়া  উঠিয়ে হাত দিয়ে পিষতে পিষতে এক পথচারী নারী বলেন, আমার যে চুলার মাটি তার চেয়েও এ খোয়াগুলো নরম।
সড়ক নির্মাণের রোলিং কাজে নিয়োজিত ড্রাইভার  মো. বাবুল হাওলাদারকে ইটের মান সম্পর্কে জিজ্ঞেস করলে বলেন, ইটের মান খারপ হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মো. নজরুল ইসলাম আকন বলেন, অফিসের সিষ্টেমে অফিস কাজ করে।  ওটা অফিস বুঝবে।
কাজ পরিচালনাকারী মেসার্স তালুকদার এন্টারপ্রাইজ এর সত্ত্বাধিকারী মোঃ আঃ হক তালুকদার বলেন, ইটের ভাটা থেকে দেয়ার সময় হয়ত শ্রমিকেরা কিছু  দুই নম্বর ইট দিয়েছে। আমি ভাটার মালিকের সাথে কথা বলে ব্যবস্থা নিচ্ছি।
সড়কটির নির্মাণকাজের তদারকি কর্মকর্তা উপজেলার উপসহকারী প্রকৌশলী শরাফ উদ্দীন বলেন, সরেজমিনে গিয়ে কিছু ইট খারাপ দেখেছি। কাজ বন্ধ রেখে ভালো ইট আনার জন্য বলেছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল ইমরান বলেন, অভিযোগের প্রেক্ষিতে  ঠিকাদারকে সকল নিম্নমানের ইট সরিয়ে নেয়ার জন্য বলেছি। ভালো ইট দিয়ে কাজ করতে বলেছি।