দুমকিতে “যুগান্তর” সেরা গণমাধ্যম পদক পাওয়ায় আলোচনা সভা ও দোয়া মাহফিল

দুমকি(পটুয়াখালী)প্রতিনিধিঃ
সেরা গণমাধ্যম প্রতিষ্ঠান হিসেবে দৈনিক যুগান্তর বাংলাদেশ প্রেস কাউন্সিল পদক-২০২২ অর্জন করায় পটুয়াখালীর দুমকিতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।
রবিবার দুমকি যুগান্তর প্রতিনিধি মো. সাইফুল ইসলামের আয়োজনে আলগী মোহাম্মাদিয়া হাফিজি ও এতিমখানা মাদ্রাসায় জোহরের নামাজ শেষে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা মাহবুবুর রহমান।
আলোচনা সভায় দৈনিক যুগান্তরের দুমকি প্রতিনিধি মোঃ সাইফুল ইসলাম বলেন, যুগান্তর প্রতিষ্ঠার পর থেকে সাহসিকতার সঙ্গে অনিয়ম-দুর্নীতি, শিক্ষা, স্বাস্থ্য, রাজনৈতিক ও সামাজিকসহ বিভিন্ন সংবাদ সুন্দরভাবে উপস্থাপন করে আসছে। সেই সাহসিকতারই পুরস্কার পেয়েছে যুগান্তর।
আলোচনা শেষে দোয়া-মোনাজাতে অর্ধশতাধিক এতিম ও হিফজ বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন। পরে সবার মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
