লক্ষ্মীপুরে কষ্টি পাথরের শিবলিঙ্গ উদ্ধার

রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার রামগঞ্জ  পৌর কমরদিয়া গ্রামের ওয়ার্ড কাউন্সিলর ইব্রাহীম মজুমদারের বাড়ির মাটির নিচ থেকে সাড়ে চার কেজি ওজনের একটি কষ্টি পাথরের শিবলিঙ্গ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার রাতে  রামগঞ্জ থানার এস, আই জহির উদ্দিনসহ বিপুল সংখ্যাক পুলিশ কমরদিয়া মজুমদার বাড়িতে আসামি ধরতে অভিযান চালায়।আসামি না পেয়ে ফেরার সময় রামগঞ্জ পৌরসভার  কাউন্সিলর ইব্রাহীম মজুমদারের বসত ঘরের সামনে মাটি খোড়া দেখে সন্দেহ হলে পুলিশ মাটি খুড়লে পাথরের সন্ধান পায়।খবর পেয়ে রায়পুর ও রামগঞ্জ থানার দায়িত্বপ্রাপ্ত এস পি সার্কেল পঙ্কজ কুমার দে ও রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ তোতা মিয়া ঘটনাস্থলে পৌছে পাথরটি উদ্ধার করে।পরিস্কার করার পর দেখা যায় এটি একটি কষ্টি পাথরের শিবলিঙ্গের মূর্তি। মূর্তিটির ওজন প্রায় সাড়ে ৪ কেজি যার আনুমানিক মূল্য চার কোটি টাকা।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ তোতা মিয়া সাংবাদিকদের জানান,তদন্ত পূর্বক আইনগত ব্যাবস্থা নেয়া হবে।